ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সমকালে সংবাদ প্রকাশের পর সেই ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সমকালে সংবাদ প্রকাশের পর সেই ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
×

শনিবার দৈনিক সমকালে প্রকাশিত সেই সংবাদ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:২২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর সঙ্গে একটি বাড়িতে ‘গানের আসর’ বসিয়ে রাতভর নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠা পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 

শনিবার গভীর রাতে আড়াইহাজার থানা থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। 

ওই পুলিশ কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) সজীব সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত চন্দ্র বিশ্বাস।

ক্লোজড করার পর শনিবার রাতে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বিশনন্দী এলাকায় একটি বাড়িতে দাওয়াতে যান আড়াইহাজার থানার এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। দাওয়াত শেষে ওই স্থানে গানের আসরের আয়োজন করা হয়। আসরে রাতভর নেচে-গেয়ে আনন্দে মাতেন পুলিশের এই দুই কর্মকর্তা। তাদের পাশে ছিলেন আড়াইহাজার থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন। আর নাচ-গানের পুরো অনুষ্ঠানটি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেছেন এসআই সজীব সরকার।

শনিবার এনিয়ে দৈনিক সমকালে ‘গানের আসরে মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসলে ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হয়। পরে শনিবার রাতে নারায়ণগঞ্জের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে পুলিশের ওই  দুই কর্মকর্তাকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বদলি হওয়া কিংবা পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেয়া, এটা চাকরির নিয়মিত অংশ। এরই ধারাবাহিকতায় উপপরিদর্শক (এসআই) সজীব সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত চন্দ্র বিশ্বাসকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


আরও পড়ুন

×