হত্যার পর কাদায় পুঁতে রাখা হয় স্কুলছাত্রকে
শান্ত হাওলাদার
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১ | ০২:১৮ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ | ০২:১৮
পিরোজপুরের ভান্ডারিয়ায় নদমূলা গ্রামের একটি খাল থেকে শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খালের কাদার মধ্যে আংশিক পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শান্ত নদমূলা গ্রামের লোকমান হাওলাদারের ছেলে। সে নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শান্ত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামের একটি খালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শান্তর পরিহিত গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল মরদেহটি। কাদার মধ্যে মরদেহটি আংশিক পুঁতে রাখা অবস্থায় ছিল।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় শান্তর বাবা শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এক কিশোরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জেলহাজতে পাঠিয়েছে।
