বাস-মাইক্রো সংঘর্ষে এক পরিবারের চারজনসহ নিহত ৬
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ২১:৪৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪১
ফরিদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার করিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী। তাদের বাড়ি বোয়ালমারী উপজেলায়।
নিহতরা হলেন– ডা. শরিফুল ইসলাম (৪৫), তার মেয়ে তাবাসসুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা পাপিয়া (১৪), শরিফুলের বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর মো. ফারুক হোসেন (৪৩) ও মাইক্রোবাসের চালক নাহিদ।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরীফুলের স্ত্রী রিমি আক্তার। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশা এবং বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, সিলেটের সুনামগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পরিবারের চারজনসহ ৬ জন মারা যান।
কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই সাফুর আহমেদ জানান, মরদেহগুলো ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনা
