ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রেমিকাসহ আটক ৮

নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রেমিকাসহ আটক ৮
×

কামরুল ইসলাম- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ২২:২৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ২৩:০১

নাটোরের হালসা নবীনকৃষ্ণপুর গ্রামে কামরুল ইসলাম নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার প্রেমিকাসহ সন্দেহভাজন আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত কামরুল হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। তিনি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আরএসটি) বিবিএ'র ছাত্র ছিলেন।

নিহত কামরুলের মামা আলমগীর হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে ফোন করে তার ভাগিনা কামরুলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এর পর সে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার দুপুরে নাটোর সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জনৈক নুরুর বাঁশ ঝাড়ে কয়েকজন কিশোর কামরুলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের জানালে তারা কামরুলের পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কামরুলের মৃতদেহ শনাক্ত করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কামরুলের মরদেহ উদ্ধারের পর রোববার রাতেই পুলিশ অভিযান চালিয়ে কামরুলের প্রেমিকা সোনিয়াসহ সন্দেহভাজন আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে নিহতের প্রেমিকাসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×