বরিশাল যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী, জানেন না প্রতিষ্ঠার প্রেক্ষাপট
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০৯:০৫ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০৯:০৮
যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী তারা। তবে সাংগঠনিক বিষয়ে তাদের জানাশোনা নেই বললেই চলে। যুবলীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্ম তারিখও বলতে পারলেন না শীর্ষ পদপ্রত্যাশী অনেক নেতা। নিজ ইউনিট কমিটির সম্পাদকীয় পদে থাকা নেতার নামও বলতে পারেননি অনেকে।
শনিবার বরিশাল জেলা ও মহানগর বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের এমন সব প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন স্থানীয় নেতারা।
নগর থেকে ১৫ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার কামিনীকুঞ্জ পেট্রোল এলাকায় শনিবার দিনভর অনুষ্ঠিত হয় বরিশাল মহনগর ও জেলা যুবলীগের বর্ধিত সভা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ঘিরে যুবলীগ দুই ভাগে বিভক্ত। এই বিভক্তির মধ্যেই দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর বরিশাল জেলা এবং দীর্ঘ প্রায় দেড়যুগ পর মহানগর যুবলীগের সাংগঠনিক কোনো সভা অনুষ্ঠিত হলো।
এদিন দুই গ্রুপ নিজেদের শক্তি প্রদর্শনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত করায় বর্ধিত সভা পরিণত হয় জনসভাতে। তবে মেয়র সাদিক আবদুল্লাহ গ্রুপের একছত্র দাপটে প্রতিমন্ত্রী বলয়ের নেতারা বর্ধিত সভায় কোণঠাসা ছিলেন বলে প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
দুই পক্ষের সমন্বয় করতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাদিক আবদুল্লাহর অনুসারী জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলম নিজাম।
জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন সমকালকে বলেন, গতকালকের বর্ধিত সভায় খুব শিগগিরিই মহানগর ও জেলার সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।
সাংগঠনিক বিষয়ে কেন্দ্রীয় নেতাদের প্রশ্নের উত্তর দিতে তৃণমূলের নেতারা ব্যর্থ হওয়া প্রসঙ্গে বলেন, সাংগঠনিক চর্চা ও লেখপড়া না জানার কারণে এমনটা হয়েছে। দলছুট ও অরাজনৈতিক কর্মীদের সংগঠনে পদপদবী দেওয়া ঠিক নয়।
উল্লেখ্য, ২৫ বছর আগে ১৯৯৩ সালের ১৯ নভেম্বর জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং ২০০৪ সালে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়।
