ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চা বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার

চা বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে একটি বনরুই উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‌‌স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী। 

বুধবার বিকেলে বনরুইটি উদ্ধার করা হয়। এ সময় লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ, ও স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, গত মঙ্গলবার বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিলো। সেখানে লোকজন প্রাণীটিকে অসুস্থ ভেবেছিলো। তখন প্রাণীটিকে ফুলবাড়ি এলাকার চন্দন বাউরির ছেলে বুধা বাউড়ি তার বাড়িতে নিয়ে রাখে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী তথ্য পেয়ে একটি পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রেতা সেজে প্রাণীটির সন্ধান করি। যেন বনবিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে প্রাণীটিকে গ্রামের মানুষ কিছু করতে না পারে। প্রাণীটি পাওয়ার সাথে সাথে আমরা বনবিভাগকে জানালে তারা এসে বনরুই উদ্ধার করে। 

তিনি আরও বলেন, এটি যারা আটকে রেখেছিলো তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। তারা অসুস্থ ভেবেই তাদের বাড়িতে এনে রেখেছিলো। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বনরুই উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনরুইটি এখন সুস্থ রয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে বনে বনরুইটি অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

×