দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত
বন্দুকধারীদের হামলার ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৯
দক্ষিণ আফ্রিকায় একটি বারে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার ভোরে জোহানেসবার্গের বাইরে একটি বারে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চলতি মাসে দেশটিতে এ ধরনের দ্বিতীয় হামলা এটি। পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডালে বেশ কয়েকজন ব্যক্তি ওই বারে হামলা চালায়। বেকার্সডাল সোনার খনির এলাকা হিসেবে পরিচিত।
পুলিশ প্রথমে ১০ জন নিহতের কথা জানালেও পরে নয়জনের কথা নিশ্চিত করে। এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা দুটি গাড়িতে করে আসে। তারা বারে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে পালানোর সময় এলোপাতাড়ি গুলি করে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
আফ্রিকার শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংগঠিত অপরাধচক্রের সমস্যা মোকাবিলা করছে। প্রায়ই গুলি ও গ্যাং সহিংসতার ঘটনা ঘটে। বিশ্বে সর্বোচ্চ হত্যার হার বিবেচনায় দক্ষিণ আফ্রিকা অন্যতম।
পুলিশের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ নিহত হয়েছেন।
- বিষয় :
- বন্দুক হামলা
- দক্ষিণ অফ্রিকা
- হামলা
