ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬
রোববার, ২৮ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মহলের তাগিদ সত্ত্বেও উচ্চ আদালতে বাংলা ভাষায় রায় ও আদেশ দেওয়ার বিষয়টি এখনও উপেক্ষিত। সর্বোচ্চ আদালতের সব কার্যক্রমই চলে ইংরেজিতে। অবশ্য কয়েক বছর ধরে উচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশ দেওয়ার প্রবণতা বিচারপতিদের মধ্যে কিছুটা বেড়েছে। এবার ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে মাসজুড়েই বাংলায় রায় ও আদেশ দেওয়ার ঘোষণা দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের দুই বিচারপতি। তারা হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান। এই বেঞ্চ চলতি মাসের ১৫ কার্যদিবসে এক হাজার ৮১২টি রায় ও আদেশ দিয়েছেন বাংলায়। এর মধ্যে রায় এক হাজার ১৭৫টি এবং আদেশ ৬৩৭টি। এ দুই বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগে আরও ১০ বিচারপতি রয়েছেন, যারা বছরের বিভিন্ন সময় কমবেশি বাংলায় রায় ও আদেশ দিয়ে আলোচনায় রয়েছেন, যা উচ্চ আদালতে মোট বিচারকের ১২ শতাংশ। সুপ্রিম কোর্টে বর্তমানে আপিল বিভাগে সাতজন ও হাইকোর্ট বিভাগে ৯৭ বিচারপতি কর্মরত।