ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

এবার পুলিশ সুপারের উদ্যোগে জানাজা হলো আরেক যৌনকর্মীর

এবার পুলিশ সুপারের উদ্যোগে জানাজা হলো আরেক যৌনকর্মীর
×

রিনা বেগমের জানাজা পড়াচ্ছেন ইমাম -সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:০০

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লীতে আরেক যৌনকর্মীর জানাজা সম্পন্ন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিনা বেগম (৫৫) নামে ওই যৌনকর্মীর জানাজা শেষে তাকে পল্লীর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন গোয়ালন্দ থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা হামিদা বেগমের জানাজা শেষে দাফন হয়। এ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যৌনকর্মী রিনা বেগম মারা যান। খবরটি রাজবাড়ীর পুলিশ সুপার জেনে তাৎক্ষণিক তিনি ধর্মীয় বিধান অনুযায়ী ওই যৌনকর্মীর জানাজা নামাজ পড়ানোর উদ্যোগ নেন। কিন্তু যৌনকর্মী বলে স্থানীয় কোনো ইমাম তার জানাজা পড়াতে রাজি হননি। তাই গোয়ালন্দ ঘাট থানা মসজিদের ইমামকে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান সঙ্গে নিয়ে তার জানাজা নামাজ পড়ানোর ব্যবস্থা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ স্থানীয় এলাকাবাসী।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, একজন মানুষের শেষযাত্রায় সামাজিক কারণে যদি জানাজা না দেই, তাহলে মানুষ হিসেবে মানুষের প্রতি অবিচার করা হবে। সেই আলোকে প্রথম যৌনকর্মীর জানাজা শেষে দ্বিতীয় যৌনকর্মীর জানাজার ব্যবস্থা করা হয়েছে। 

এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন

×