মনে হয় আগুনের ঝরনা!
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২৯
পাহাড়ের গা বেয়ে কলকল ছলছল শব্দে নেমে আসে ঝরনাধারা। প্রকৃতিপ্রেমী কিংবা ভ্রমণপিয়াসী পর্যটক গাঁটের পয়সা খরচ করে দেশ-বিদেশে ছুটে যান সেই পাহাড়ি নদীর নাচন দেখতে। তবে পানির বদলে যদি ঝরনা হয়ে নেমে আসে আগুনের ধারা, তাহলে কেমন হয়!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ভ্যালিতে এমনই ঝরনা দেখতে প্রতিবছর ফেব্রুয়ারিতে ভিড় জমান হাজার হাজার পর্যটক। ইয়োসেমাইট জাতীয় উদ্যানের এল ক্যাপিটান পাহাড় থেকে দুই হাজার ফুট নিচে নেমে আসছে আগুনপ্রবাহ।
পর্যটকরা মুগ্ধ হয়ে দেখেন, পাহাড়ের শরীর বেয়ে নেমে আসছে আগুনের লেলিহান শিখা। তা থেকে উড়ে যাচ্ছে লাল আভার বাষ্প। এ জন্য সবার কাছে এটি ফায়ারফল নামে পরিচিত। সরকারিভাবে জলপ্রপাতটির নাম হর্সটেইল ফায়ারফল। দেখতে ঘোড়ার লেজের মতো বলেই এমন নাম।
বসন্তের ঠিক আগে মাত্র সপ্তাহ দুয়েকের জন্য দেখা যায় ওই আগুনের ঝরনা বা ফায়ারফল। আসলেই কি তা আগুনের ঝরনা? এ প্রশ্নের উত্তর হচ্ছে, না। তাহলে কেন পর্যটকরা ছুটে যান ইয়োসেমাইট জাতীয় উদ্যানে! আসলে সূর্যের আলো এমনভাবে ওই জলপ্রপাতের পানির ওপর গিয়ে পড়ে, যাতে তার রঙ হয়ে ওঠে উজ্জ্বল লাল-কমলা।
দূর থেকে দেখে মনে হবে পাহাড়ের গা বেয়ে কোনো আগ্নেয়গিরির লাভার স্রোত নেমে আসছে। মনে হবে পাহাড়ের গা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে আগুন। ঝরনাটি সারাবছর থাকলেও শুধু ফেব্রুয়ারির শুরুর দিকে একটি নির্দিষ্ট দিক থেকে সূর্যের আলো পড়ার কারণে এমন মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়। আলোকচিত্রী ও প্রকৃতিপ্রেমীরা অপেক্ষা করেন এই অনুপম দৃশ্যের জন্য। সূত্র: অডিটিসেন্ট্রাল।
- বিষয় :
- ঝরনা
- ইয়োসেমাইট ভ্যালি
- যুক্তরাষ্ট্র
