রেকর্ড খেলাপির মধ্যেও বেড়েছে শিল্পের মেয়াদি ঋণ
কোলাজ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১১:২৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১১:৪৭
রেকর্ড খেলাপি ঋণের মধ্যেও শিল্পের মেয়াদি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ। ২০২৫ সাল শেষে শিল্পের মেয়াদি ঋণের স্থিতি দাঁড়িয়েছে চার লাখ ২৩ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০২৪ বছর শেষে যা ছিল তিন লাখ ৮০ হাজার কোটি টাকা। অবশ্য গত বছর শিল্প খাতে আদায় বেড়েছে ২২ শতাংশের বেশি। এর পরও খেলাপি বেড়েছে ব্যাপক হারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর শিল্পের মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৯৯ হাজার ৯২৯ কোটি টাকা। এর আগের বছর বিতরণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৬২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিতরণ বেশি হয়েছে পাঁচ হাজার ৮৬৭ কোটি টাকা বা ৬ দশমিক ২৪ শতাংশ। গত বছর এ খাত থেকে মোট এক লাখ ১৮ হাজার ২৫৯ কোটি টাকা আদায় হয়েছে। ২০২৪ সালে আদায়ের পরিমাণ ছিল ৯৫ হাজার ৩০৬ কোটি টাকা। এর মানে আদায় বেশি হয়েছে ২২ হাজার ৯৫৩ কোটি টাকা বা ২৪ দশমিক শূন্য ৮ শতাংশ। সব মিলিয়ে শিল্পের মেয়াদি ঋণের স্থিতি ৪৩ হাজার ৫৯৩ কোটি টাকা বা ১১ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ঋণ কম দেখাতে বিভিন্ন উপায় বের করা হয়। আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালে এক নির্দেশনার মাধ্যমে শিল্পের মেয়াদি ঋণখেলাপি করতে বাড়তি ছয় মাস সময় দেওয়া হয়। তবে আইএমএফের শর্তের আলোকে গত সেপ্টেম্বর প্রান্তিক থেকে মেয়াদিসহ সব ঋণই মেয়াদোত্তীর্ণ হওয়ার পরদিন থেকেই শ্রেণিকৃত বিবেচনা করা হচ্ছে। এতে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে ব্যাপক হারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর শেষে মোট ঋণের ৪৩ শতাংশ বিতরণ হয়েছে শিল্প খাতে। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৩০ দশমিক ৮০ শতাংশ। এর আগের বছর মোট ঋণের ৪২ দশমিক ৪০ শতাংশ ছিল এ খাতে। যেখানে খেলাপি ছিল ২২ দশমিক ৮০ শতাংশ। গত বছর শেষে ব্যাংক খাতের মোট ঋণের ৩১ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। এক বছর আগে যা ২০ শতাংশের নিচে ছিল।
- বিষয় :
- খেলাপি ঋণ
- বাংলাদেশ ব্যাংক
