ঐতিহাসিক ৬ দফা দিবস আজ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৩:১০ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৩:১১
আজ ৭ জুন। ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালির মুক্তির সনদ ৬ দফা আদায়ের আন্দোলনের অবিস্মরণীয় এক স্মারক।
১৯৬৬ সালের এই দিনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা ৬ দফা বাস্তবায়নের দাবিতে পূর্ণদিবস হরতাল আহ্বান করেছিল। অভূতপূর্ব সে হরতালে সাড়া দেয় ছাত্র-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। হরতাল বানচাল করতে পুলিশ ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায়। এতে ঢাকার তেজগাঁওয়ে শ্রমিক নেতা মনু মিয়া ও ওয়াজিউল্লাহসহ ১১ জন এবং নারায়ণগঞ্জে সফিক ও শামসুল হক নিহত হন। আহত হন অনেকেই। আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র; রাজপথে নেমে আসে জনগণ।
এর আগে পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে সামরিক স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলের জাতীয় সম্মেলন ডাকা হয়েছিল। ‘লাহোর সম্মেলন’ হিসেবে খ্যাত ওই সম্মেলনেই পূর্ব বাংলার জনগণের পক্ষে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন। পরে ১১ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন শেখ মুজিব।
প্রতিটি অঞ্চলে গিয়ে তিনি ৬ দফার প্রয়োজনীয়তা তুলে ধরলে সর্বস্তরের জনগণ এ সম্পর্কে স্পষ্ঠ ধারণা পায়। এটি হয়ে ওঠে পূর্ব বাংলার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির সনদ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে পরিবর্তিত প্রেক্ষাপটে গত বছরের মতো এবারও ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে কোনো কর্মসূচি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষেও কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
- বিষয় :
- ৬ দফা দাবি
