ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

নোয়াখালীতে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

নোয়াখালীতে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
×

তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৭:৩২

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর রোববার নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। ওসি তৌহিদুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

রোববার বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন। ওসি তৌহিদুল ইসলামের পরিবর্তে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

ওসি তৌহিদুল ইসলাম গত ৬ ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগর থানা থেকে সুধারাম মডেল থানায় যোগদান করেন। তিনি যোগদান করার পর থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে গত মে মাসে ও চলতি জুন মাসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে একাধিক বিক্ষোভ মিছিল করেন।

গত শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজারে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন। নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় নোয়াখালী পৌর বাজারে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রদল নেতাকর্মীরা ১৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে ছাত্রদল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।

ওসির প্রত্যাহারের পেছনে নোয়াখালী সদর উপজেলার আইনশৃঙ্খলার ধারাবাহিক অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, মাদকের ব্যবহার বৃদ্ধিকেও কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রত্যাহার হওয়া ওসি তৌহিদুল ইসলাম প্রত্যাহার আদেশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘দেশের সব জায়গাতেই মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তারই ধারাবাহিকতায় জেলা সদরেও একটু বেড়েছে।’

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন বলেন, ‘সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে police লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন

×