বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৭:৪৮
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।
প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।
বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে এক লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।
- বিষয় :
- অর্থমন্ত্রী
