সেপ্টেম্বরে কম বৃষ্টি, তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
সেপ্টেম্বরে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। তবে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং দেশের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার রাতে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বরের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর প্রভাবে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সেপ্টেম্বরে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টি হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
- বিষয় :
- আবহাওয়া