ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

 সিটি নির্বাচন পেছানোর দাবি

ঢাবি শিক্ষার্থীদের অনশনে অসুস্থ ৯, উপাচার্যের সংহতি

ঢাবি শিক্ষার্থীদের অনশনে অসুস্থ ৯, উপাচার্যের সংহতি
×

সমকাল প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ১৩:০০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনেও আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শুরু হওয়া অনশন শুক্রবার রাত পর্যন্ত চলতে দেখা যায়।

অনশনে এরই মধ্যে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল চিকিৎসা দেওয়া হয়েছে। দু'জন চিকিৎসা শেষে ফের অনশনে যোগ দিয়েছেন। এ সময় তারা নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ পরিবর্তন করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান। অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের অপূর্ব চক্রবর্তী, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, জয়ন্ত বণিক, ভবতোষ চন্দ্র রায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবুজ কুমার, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রবিউল আওয়াল রবি। তাদের সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের জানান, কর্মসূচির দ্বিতীয় দিনে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তবে সবাই হাসপাতালে ভর্তি হতে রাজি হননি।

এদিকে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সংহতি প্রকাশকালে তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে ৩০ তারিখ নির্বাচনের দিনক্ষণ ঠিক করার আগে কমিশনের বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল যে, তারিখটি কোনো মূল্যবোধ, কোনো চেতনার পরিপন্থি হয় কিনা। কেননা, সরস্বতী পূজা এমন একটি ধর্মীয় উৎসব, যেখানে অসাম্প্রদায়িক আবেদন রয়েছে।

আরও পড়ুন

×