নাপা সিরাপের সেই বোতলটি ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হচ্ছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০৮:৪৭ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০৮:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপের যে বোতলের সিরাপ সেবনের পর দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে সেই বোতলের অবশিষ্ট সিরাপ পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডি থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হচ্ছে।
সিআইডি সূত্র জানায়, নাপা সিরাপের ওই বোতল আগেই জব্দ করা হলেও বোতলের ওষুধের উপকরণে কোনো সমস্যা আছে কি-না তা পরীক্ষা করতেই ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (কেমিকেল) নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, যেসব উপকরণ দিয়ে নাপা সিরাপ তৈরি হয়, ওই বোতালে থাকা অবশিষ্ট সিরাপে সেসব উপকরণে কোনো তারতম্য আছে কি-না তা জানার জন্য বোতলটি ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হবে।
ওই ওষুধে কোনো গরমিল পেলে পরবর্তী ধাপে সিআইডি তাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষায় যাবে। একইসঙ্গে আইসি প্রক্রিয়াও শুরু হবে।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের একটি ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে সেবনের পর একই পরিবারের দুই শিশু মারা যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শুক্রবার থেকে সারাদেশের পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে নাপা সিরাপের একটি ব্যাচের ওষুধ পরীক্ষার নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওইদিনই নাপা সিরাপের সেই বোতলটি জব্দ করে সিআইডিতে পাঠায় স্থানীয় পুলিশ প্রশাসন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের জানান, আশুগঞ্জের যে দোতান থেকে নাপা সিরাপ কিনে সেবনের পর দুইটি শিশুর মৃত্যু হয়েছে, সেই দোকান থেকে আরও আটটি নাপা সিরাপের বোতল জব্দ করা হয়েছে।
মহাপরিচালক আরও বলেন, নাপা সিরাপের তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু মেলেনি। কিন্তু যে বোতলের সিরাপ সেবনের পর শিশু দুইটির মৃত্যুর কথা বলা হচ্ছে সেখানো কোনো সমস্যা ছিল কি-না তা জানতে ওই বোতলের সিরাপ পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে হবে। কারণ বোতলটি জব্দ করে সিআইডি তাদের হেফাজতে নিয়ে গেছে।
- বিষয় :
- নাপা সিরাপ
- ঔষধ প্রশাসন অধিদপ্তর
- দুর্গাপুর
