ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল: রাঙ্গা

সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল: রাঙ্গা
×

মসিউর রহমান রাঙ্গা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২ | ০৮:৫৭ | আপডেট: ২৭ জুন ২০২২ | ০৯:০৩

জাতীয় পার্টিকে আবারও সংসদের বৃহত্তম বিরোধী দল আখ্যায়িত করে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এই সংসদে আমরাই বৃহত্তর বিরোধী দল। এখানে কোনো ভুল নেই। এ সময় তিনি বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করে সংসদে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা এক্সপাঞ্জ করার দাবি জানান। 

সোমবার সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন রাঙ্গা। এ সময় তিনি বিভিন্ন খাতে সাফল্যের জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং বিএনপির সমালোচনা করেন।

সংসদ ভবনের অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করতে গিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, সংসদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের থাকার জায়গা সংসদ সদস্য ভবনের ফ্লাটগুলো এত সুন্দর হয়েছে যে, আমি যে বাড়ি ভাড়া থাকি তা ছেড়ে দিয়ে এখানে থাকবো। আমার বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে পাওয়া কক্ষে গেলেই বাতি জ্বলে ওঠে। বেরিয়ে এলে বাতি বন্ধ হয়ে যায়। আগে সংসদের কোনো বাথরুমে যেতে পারতাম না। বাথরুমে যেতে ভয় করতো। এখন দেখি বাথরুম এত সুন্দর যে বসে মনে হয় নাস্তাও করা যাবে। 

বিএনপিকে বিরোধী দল আখ্যায়িত করে সংসদে দেওয়া বিভিন্ন বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে অনেক সংসদ সদস্য বিএনপির সমালোচনা করতে গিয়ে সংসদে বিএনপিকে বিরোধী দল বলেন। সংসদে আমরা বৃহত্তর বিরোধী দল। আমরা বিরোধী দল এখানে কোনো ভুল নেই। সংসদ সদস্যবৃন্দরা বিএনপিকে উদ্দেশ করে বিরোধীদল বলেছেন তা এক্সপাঞ্জ করার দাবি জানাচ্ছি। 

পদ্মা সেতুর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে, এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয় সেতুটি যদি উনি (প্রধানমন্ত্রী) সম্পন্ন করতে না পারতেন তাহলে উনি একটা নিজের ক্ষতি নিজেই করে বসতেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটি সম্ভাবনা উনার মধ্যে আমি দেখেছিলাম, যে অ্যানি হাউ তিনি এটা করতে চান। উনি এটা করেছেন। 

আরও পড়ুন

×