জুয়া অবৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে ২ ক্লাবের আপিল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৪
অর্থের বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা এবং তা বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে ঢাকা ক্লাব ও গুলশান ক্লাব। প্রাথমিক শুনানি শেষে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ২৩ ফেব্রুয়ারি এ শুনানি হবে।
গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে অর্থের বিনিময়ে কোনো জুয়া খেলাকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এ ধরনের খেলার মধ্যে রয়েছে- ডায়েস, হাউজি, কার্ডস, ফ্লাস, ওয়ান-টেন, ওয়ান-এইট ইত্যাদি। এর আগে দেশের পাঁচ জেলার নামিদামি ১৩ ক্লাবে এ ধরনের খেলা বন্ধে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ে রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো ক্লাব এবং জনসমাগম স্থানে এমন খেলার আয়োজন না করতে নির্দেশ দেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ঢাকা ক্লাব ও গুলশান ক্লাব আপিল আবেদন করে। ক্লাব দুটির পক্ষে আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল এবং মাসুদ রেজা সোবহান। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
দেশের বিভিন্ন ক্লাবে বেআইনিভাবে চলা জুয়া খেলা বন্ধে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী মোহাম্মদ সামিউল হক, রোকন উদ্দিন মো. ফারুক। ওই বছরের ৫ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন। ৫ জেলার ১৩ ক্লাবে এ ধরনের জুয়া খেলা বন্ধে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্নিষ্টদের নির্দেশ দিয়েছিলেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের পরও ঢাকা ক্লাব আপিল করলে শুনানি শেষে আপিল বিভাগ ২০১৬ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টের রিটের নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়ে আদেশ দেন। একইসঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত ঘোষণা করেছিলেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট জুয়া খেলাকে অবৈধ ঘোষণা করে চূড়ান্ত রায় দেন।
