বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর আগাম জামিন
আবদুল আউয়াল মিন্টু - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২০
ফেনীর সোনাগাজী উপজেলায় বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ২৯ আগস্ট বিকেল ৪টার দিকে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনার পরদিন সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। বৃহস্পতিবার মিন্টু দুটি মামলায় হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।
