অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি
সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৫
আইন বিভাগে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন।
আগের দিন মঙ্গলবার সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেন আপিল বিভাগ। বুধবার উপাচার্য অধ্যাপক শাহ-ই আলমের বক্তব্য শোনার পর ১০ লাখ টাকা জরিমানা করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।
আদালত আদেশে বলেন, জরিমানার ওই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে জমা দিতে হবে। জমার সেই রসিদ দেখানো সাপেক্ষে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী আগামী ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।
আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী
ভর্তি করানো যাবে না, ইউজিসির এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের
পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন।
কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫
শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
- বিষয় :
- হাইকোর্ট
- সিটি ইউনিভার্সিটি
