ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বিদেশ থেকে দুর্নীতির তথ্য জানাতে দুদকের হটলাইন

বিদেশ থেকে দুর্নীতির তথ্য জানাতে দুদকের হটলাইন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৯

বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদসহ দুর্নীতির নানা তথ্য জানাতে নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) মাধ্যমে এই হটলাইন চালু করা হয়েছে। এখন থেকে বিদেশে অবস্থানরত যে কেউ বাংলাদেশ থেকে পাচার করে নেওয়া সম্পদের তথ্য দুদককে জানাতে পারবেন।

রোববার দুদক থেকে এই তথ্য জানানো হয়। প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন নম্বরটি হলো-+৮৮০৯৬১২১০৬১০৬।

দুদক সূত্র জানায়, প্রবাসীদের দেওয়া তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল ও সংশ্নিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নেবে সরকার। অর্থ পাচারসহ দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের তফসিলভুক্ত অভিযোগ জানানোর জন্য প্রবাসীরে কাছে আহ্বান জানানো হয়েছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অর্থ পাচার বন্ধ ও পাচারকারীদের আইনের আওতায় আনতে কমিশন প্রবাসীদের জন্য নতুন হটলাইন চালুর সিদ্ধান্ত নেয়। পরে বিটিআরসিতে আবেদন করে হটলাইন এই প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে হটলাইনটি চালু করা হয়।

এর আগে ‍দুদক দেশের ভেতরে দুর্নীতির তথ্য জানাতে হটলাইন '১০৬' নম্বরটি চালু করেছে ১০১৭ সালের ২৭ জুলাই। এর মাধ্যমে দেশের নানা স্থান থেকে অনিয়ম ও দুর্নীতির তথ্য পাচ্ছে দুদক।

গত ১৮ ফেব্রুয়ারি দুদক অন্তবর্তীকালীন সময়ের জন্য বিদেশ থেকে দুর্নীতির তথ্য জানাতে দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্যের মোবাইল নম্বরটি      (+৮৮০১৭১৬-৪৬৩২৭৬) ব্যবহারের জন্য ঘোষণা দিয়েছিল। এরপর প্রবাসীদের জন্য নির্দিষ্ট হটলাইন চালু করে ‍দুদক। অফিস চলাকালে (স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) ওই নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন

×