ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

পাপিয়ার অপকর্ম জানতেন অনেকে, মুখ খুলছেন এখন

পাপিয়ার অপকর্ম জানতেন অনেকে, মুখ খুলছেন এখন
×

শামিমা নূর পাপিয়া-ফেসবুক থেকে নেওয়া ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২১

স্বামীসহ শামিমা নূর পাপিয়াকে গ্রেপ্তারের খবর জানার পরপর নরসিংদীতে তোলপাড় শুরু হয়। রোববার দিনভর এ খবরই ছিল ‌‘টক অব দ্য টাউন’। পাপিয়ার সঙ্গে অনেকের ছবিই রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার অপকর্মের কথা অনেকে জানলেও আগে কেউ মুখ খোলেননি। পাপিয়া গ্রেপ্তারের পর তার অভিজাত হোটেল ভাড়া নিয়ে অসামাজিক ব্যবসা নিয়ে কথা বলছেন তারা। 

অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালের দিকে পাপিয়ার স্বামী নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমনের উত্থান। অনেক আগে থেকেই চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত তিনি। স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও সখ্য গড়ে তোলেন পাপিয়ার স্বামী। এলাকায় পাপিয়া ও তার স্বামী নরসিংদী সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলামের (বীরপ্রতীক) বলয়ের লোক হিসেবে পরিচিত। ২০১৪ সালে জেলা যুব মহিলা লীগের সম্মেলনে তৌহিদা সরকার রুনা সভাপতি ও পাপিয়া চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হঠাৎ পাপিয়া এত বড় পদ পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন।

নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, পাপিয়াকে রাজনীতির মাঠে আমদানি করেছেন এমপি নজরুল ইসলাম হিরু। এর দায় দলের অন্য কেউ নেবে না।

এ বিষয়ে জানার জন্য নরসিংদী সদরের এমপি নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

নরসিংদীর একাধিক রাজনৈতিক নেতা জানান, পাপিয়া যে ঢাকায় অভিজাত হোটেল ভাড়া নিয়ে অসামাজিক ব্যবসা চালাতেন এটা অনেকেরই জানা ছিল। তবে প্রভাবশালীদের সঙ্গে তার ওঠবস থাকায় এ নিয়ে কেউ প্রকাশ্যে কিছুই বলতেন না।

এদিকে রোববার শামীমা নূর পাপিয়ার রাজধানীর ফার্মগেটের বাসায় অভিযান চালানো হয়েছে। বাসা থেকে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন, গুলি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১ (র‌্যাব)-এর একটি দল।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

×