নন-ফিকশন বইমেলায় সেরা প্রকাশক পুরস্কার পেল ইউপিএল-প্রথমা
নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিতরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৯:০৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৯:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত নন-ফিকশন বইমেলা ২০২২-এ সেরা প্রকাশকের পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও প্রথমা প্রকাশন। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠবারের মতো এ বইমেলার আয়োজন করে। মেলায় অংশ নেওয়া ৪০টি প্রকাশনা ও গবেষণা সংস্থার ২০২২ সালের প্রকাশনার ভিত্তিতে বিচারক প্যানেল এ দুই প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচন করে। এতে ইউপিএল 'প্রথম সেরা প্রকাশক' ও প্রথমা প্রকাশন 'দ্বিতীয় সেরা প্রকাশক' পুরস্কার পেয়েছে।
বুধবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মারুফা মহিউদ্দিন। প্রথমা প্রকাশনার পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক জাবেদ হোসেন।
নন-ফিকশন বইমেলার সমাপন ও নন-ফিকশন গ্রন্থ প্রকাশক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেলার সহ-আয়োজক ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম।
অনুষ্ঠানের শুরুতে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ জানান, সম্মানিত তিন ব্যক্তির সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মাধ্যমে সেরা প্রকাশন নির্বাচন করা হয়েছে। বিচারকরা হলেন- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ। লেখকদেরও সম্মানিত করার পরিকল্পনা থাকলেও এবার সময় স্বল্পতায় তা করা সম্ভব হয়নি। আগামীতে বিচারকদের মতামতের ভিত্তিতে লেখকদেরও সম্মানিত করা হবে।