মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৫:৩৪
দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয়ও ছিল উল্লেখযোগ্য। সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাত কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।