নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৭:৪৬
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ স্বামী শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ তার স্ত্রী লিমা পারভীন (২৫) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।
রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক হারুন উর রশিদ বিপুল।
দগ্ধ অন্য দুজন হলেন- হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান। তার স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছাড়া হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের চুলার গ্যাসের চাবি খোলা থাকলেও রাতে ওই এলাকায় গ্যাস সরবরাহ ছিল না। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে চুলার গ্যাস পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ভোরে চুলা জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।
উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রী লিমা পারভীনসহ চারজন দগ্ধ হন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ