সমকালীন প্রসঙ্গ
ক্ষমতার ঊর্ধ্বে নাগরিক অধিকার
সরকার নজরুল
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:০৩
দুই বছর ধরে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কণ্ঠে দেশে ফেরার আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বক্তব্য শুনছি। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে সেসব বক্তব্য এসেছে। তাদের বক্তব্যের সঙ্গে কারও মতের মিল থাকতে পারে, নাও থাকতে পারে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা, অভিযোগ কিংবা বিচারিক প্রশ্নও থাকতে পারে। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মৌলিক একটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই– রাজনৈতিক পরিচয়ের কারণে একজন নাগরিকের কথা বলার, নিজের বক্তব্য তুলে ধরার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার কি কেড়ে নেওয়া যায়? অথচ অতীতে আওয়ামী লীগ সরকার বর্তমান সরকারপ্রধান, তাঁর দল ও সমমনা রাজনৈতিক শক্তির ক্ষেত্রে এমন আচরণই করেছিল।
এ বিষয়ে বাংলাদেশের সংবিধান সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অর্থাৎ সরকার জনগণের ওপর ক্ষমতার মালিক নয়; জনগণের কাছ থেকে পাওয়া সাংবিধানিক ক্ষমতার দায়িত্বশীল ব্যবহারকারী মাত্র। ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ৩১ অনুচ্ছেদ প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। আর ৩২ অনুচ্ছেদ সুরক্ষা দিয়েছে জীবন ও ব্যক্তিস্বাধীনতার।
আরও গুরুত্বপূর্ণ হলো ৩৯ অনুচ্ছেদ। এতে চিন্তা, বিবেক, বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে। অবশ্য এই অধিকার আইনে নির্ধারিত যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার অধীন। কিন্তু সীমাবদ্ধতার অর্থ ভিন্নমত দমনের অবাধ ক্ষমতা নয়। একইভাবে ৩৭ ও ৩৮ অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকার স্বীকৃতি পেয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত হতে পারে, মামলা হতে পারে, আদালতে বিচারও হতে পারে। কিন্তু অপরাধের বিচার আর রাজনৈতিক অস্তিত্বের বিচার এক বিষয় নয়। অভিযোগের দায় ব্যক্তির বা সংশ্লিষ্ট অপরাধীর; তা দিয়ে একটি দলের সমর্থক কিংবা ভিন্নমতাবলম্বী সব নাগরিকের অধিকার খারিজ করা যায় না।
কোনো দলের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পর্যন্ত জনগণের মতামত ও ভোটে নির্ধারিত হওয়াই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম– যদি না আইন ও আদালতের বৈধ প্রক্রিয়ায় তার ওপর কোনো বিধিনিষেধ আরোপিত হয়। সেই বিধিনিষেধও হতে হবে সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে।
আওয়ামী লীগের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। দলটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হোক। অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক বা অনুসারীদের রাজনৈতিক পরিচয় ও মতপ্রকাশকে কেবল প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে অদৃশ্য করে দেওয়া গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হতে পারে না।
কারণ গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়; এটি বহুমতের সহাবস্থান এবং সংখ্যালঘু মতের অধিকার রক্ষারও ব্যবস্থা।
২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী ঘটনাবলির ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। ওই সময়ের ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। কে কোথায় কী করেছে, কোন সিদ্ধান্তের কী পরিণতি হয়েছে, কোথায় আইন লঙ্ঘিত হয়েছে– এসব প্রশ্নের উত্তর রাজনৈতিক প্রচার বা পক্ষপাতদুষ্ট বয়ানে নয়, স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত।
কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তার বিচার হোক। রাষ্ট্রীয় বাহিনী কিংবা রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলোরও তদন্ত হোক। আন্দোলনের আড়ালে কেউ সহিংসতা বা ষড়যন্ত্র করে থাকলে সেটিও তদন্তের আওতায় আসুক। একই সঙ্গে নিরপরাধ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকলে তারও প্রতিকার নিশ্চিত হোক। ন্যায়বিচার বেছে বেছে প্রয়োগ করা হলে তা আর ন্যায়বিচার থাকে না। সবার জন্য একই মানদণ্ড কার্যকর না হলে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। আজ যারা ক্ষমতায়, তাদের জন্য এই নীতি যেমন গুরুত্বপূর্ণ, আগামী দিনে ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক পক্ষের জন্যও তেমনই গুরুত্বপূর্ণ। কারণ ক্ষমতার পালাবদলের সঙ্গে আইনের মানদণ্ড বদলে যেতে পারে না।
কোনো দলের বক্তব্যের সঙ্গে আমি একমত না-ও হতে পারি। কিন্তু তার জবাব বক্তব্য দিয়ে দেওয়া যায়। অপরাধের অভিযোগের জবাব তদন্ত ও বিচারের মাধ্যমে দেওয়া যায়। রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি হতে পারে নির্বাচনের মাধ্যমে। কিন্তু কণ্ঠরোধ কোনো গণতান্ত্রিক জবাব নয়। সংবিধানের ৪৪ অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়ার পথও সংবিধান উন্মুক্ত রেখেছে।
মনে রাখতে হবে, গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা নিজের সমর্থকদের অধিকার রক্ষা করা নয়; বরং রাজনৈতিক প্রতিপক্ষের অধিকারও সমানভাবে রক্ষা করা। আজ যদি আমরা বলি, ‘ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ, তাই তার কথা বলার অধিকার নেই’, তাহলে এমন এক বিপজ্জনক নীতি প্রতিষ্ঠা করি, যার শিকার আগামীকাল যে কেউ হতে পারে– এমনকি আমরাও। বাংলাদেশের প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়; প্রয়োজন সত্য উদ্ঘাটন, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক বহুত্ববাদ। যে অপরাধ করেছে, তার বিচার হোক। যে নিরপরাধ, তার অধিকার সুরক্ষিত হোক। যে ভিন্নমত পোষণ করে, তার কথা বলার অধিকার থাকুক।
যে রাজনৈতিক দল জনগণের সমর্থন হারিয়েছে, তাকে জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করুক। যে দল জনগণের আস্থা অর্জন করেছে, তাকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করুক। রাষ্ট্রের কাজ জনগণের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়; বরং জনগণ যাতে স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা। কারণ সরকার আসে-যায়, রাজনৈতিক দল আসে-যায়, ক্ষমতার পালাবদল হয়। কিন্তু নাগরিকের অধিকার ও মর্যাদা কোনো সরকারের দয়া বা অনুগ্রহ নয়; এগুলো সংবিধানস্বীকৃত অধিকার। ক্ষমতা সাময়িক। সংবিধান রাষ্ট্রের স্থায়ী ভিত্তি। রাজনীতি পরিবর্তনশীল। কিন্তু নাগরিকের অধিকার ও মর্যাদা রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার।
সরকার নজরুল: সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী