সমাজ
আঠারোর আগে শিশুদের কথার মূল্য নেই?
গওহার নঈম ওয়ারা
গওহার নঈম ওয়ারা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৩:৩৪
| প্রিন্ট সংস্করণ
যমুনার চরের কুন্দেরপাড়ার নদীভাঙা স্কুলের শিক্ষার্থী হালিমার প্রশ্ন আজও আমাকে তাড়া করে: ‘কোনো পরিবর্তন আনার জন্য আমাদের কি সেই ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?’
সেদিন হাজারো প্রশ্নের ভিড়ে তার সহপাঠীদের করা বিশেষ দুটি প্রশ্ন মনে গেঁথে গিয়েছিল। একটি, শিশুদের কথার মূল্য দেওয়া; অন্যটি, শিশু দিবসের তারিখ নিয়ে। প্রশ্ন দুটি কেবল কৌতূহলের নয়, বড়দের প্রতি এক ধরনের অনুযোগও ছিল।
বলেছিলাম, স্কুল, পাড়া ও দৈনন্দিন জীবন নিয়ে তোমাদের ভাবনা বড়দের শোনা উচিত। তারা ব্যবস্থা নেবেন। হালিমারা পাল্টা বলেছিল, বড়রা শুধু শাসন করেন, কথা শোনেন কই! চরের এই শিশুদের খেয়া পারাপারের সময়ের সঙ্গে স্কুলের সময় মেলে না। প্রায়ই শেষের ক্লাসগুলো বাদ পড়ে যায়। এ সমস্যার কোনো বিহিত হয় না। এরপর একে একে আসে তাদের শৌচাগার সমস্যা, নিরাপদ পানির সংকট, বিয়ের চাপ। মেয়ে শিক্ষার্থীদের আলাদা কিছু সমস্যা আছে। সেগুলো তারা কাকে জানাবে, কীভাবে জানাবে?
শিশুদের এই প্রশ্নগুলোই মনে করিয়ে দেয়, তাদের কথা শোনার জন্য ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করার কোনো যুক্তি নেই। তাদের জীবন, সমস্যা ও চাওয়া-পাওয়ার গুরুত্ব এখনই আছে।
দ্বিতীয় প্রশ্নটি ছিল শিশু দিবসের তারিখ নিয়ে। এত শিশু দিবস কেন? জাতীয় শিশু দিবস, শিশু অধিকার দিবস বা সপ্তাহ, বিশ্ব শিশু দিবস, আন্তর্জাতিক শিশু দিবস; তার ওপর কন্যাশিশু দিবস। জাতীয় কন্যাশিশু দিবস (৩০ সেপ্টেম্বর) এবং আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (১১ অক্টোবর) আলাদা করে পালিত হয়। এখানেও একটি প্যাঁচ আছে। ইংরেজিতে ‘গার্ল চাইল্ড ডে’, বাংলায় ‘কন্যাশিশু দিবস’। গার্ল মানেই কি কন্যা? আমরা কি গার্লস স্কুলকে কন্যা স্কুল বলি? মেয়ে বলেই কি তাকে একটি সম্পর্কের খাঁচায় ঝুলিয়ে দিতে হবে?
ক্লাস এইটের এক মেয়েকে দেখি, সেলিনা হোসেনের লেখা মুখস্থ গড়গড় করে বলে চলে, “ভাবতে অবাক লাগে ছেলেশিশু এবং মেয়েশিশু এই সংজ্ঞা নিরূপণের ক্ষেত্রেও বৈষম্যের সূচনা করা হয়েছে। ‘কন্যা-শিশু দিবস’ নামকরণ সমাজের একটি বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচায়ক। একটি ভুল শব্দ ব্যবহারের মধ্য দিয়ে মেয়েদের প্রতি সামাজিক মানসিকতার নেতিবাচক দৃষ্টিই প্রথমে ধরা পড়ে। মেয়েরা যেন শিশু নয়। জন্মের পর থেকেই ওরা বয়স্ক, নায়িকা কিংবা প্রেমিকা– মেয়েশিশু দিবসের নামকরণের মধ্যেও এমন একটি অরুচিকর প্রকাশের ছাপ দেখা যায়। আর কতকাল লাগবে এমন বৈষম্যের অবসান ঘটাতে।”
এতটা আমরা আশা করিনি। ভাবতে অবাক লাগে, গহিন চরের এক মেয়েশিশু, যাকে রোজ সকালে দু-তিনটি চর ডিঙিয়ে স্কুলে আসতে হয়, সে কীভাবে কন্যাশিশু আর মেয়েশিশুর সূক্ষ্ম চালাকিটা বুঝে গেছে! মনে হয়, বুকের মধ্যে এক আগ্নেয়গিরি নিয়ে বিকশিত হচ্ছে হালিমারা। হয়তো এখান থেকেই জন্ম নেবে অন্য এক বেগম রোকেয়া।
হালিমা বলেছিল, ২০ নভেম্বর তারিখটির মধ্যেও শিক্ষার্থীদের বাদ দেওয়ার একটা গন্ধ আছে। যেসব দেশ ও স্কুল জুন-জুলাইয়ে শিক্ষাবর্ষ শুরু করে, তাদের এই সময় পরীক্ষার চাপ থাকে না। তারা মন দিয়ে দিবসটি উদযাপন করতে পারে। আমরা পারি না। আমরা পিছিয়ে থাকি। আমরা বলার আগেই হালিমারা বলেছিল, সব শিশু এক নয়। বয়স, স্বাস্থ্য, পুষ্টি, লিঙ্গ, বাড়িঘর, ক্ষেত-ফসল, মা-বাবার আর্থিক অবস্থা দিয়ে শিশুদের বিচার করা হয়। এসবের ওপর ভিত্তি করেই তাদের চাওয়া-পাওয়া দানা বাঁধে। তাই সবার দিন, সবার অধিকার আর সবার ভবিষ্যৎ এক হবে না।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৫৯ সালে শিশু অধিকার ঘোষণাপত্র এবং ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ অনুমোদন করে। ২০ নভেম্বর সনদটি অনুমোদনের দিন। জাতিসংঘের সিদ্ধান্তে দিনটি বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়। তবে দেশে শিশুদের নিয়ে আরও অনেক দিবস পালনের ঐতিহ্য আছে। একাধিক দিবস পালনের মধ্যে শিশুদের প্রতি আমাদের উপচে পড়া স্নেহ-মায়া-মহব্বত নিয়ে সন্দেহ প্রকাশ করার বাতিক দেখানো দুরস্ত নয়।
দক্ষিণ এশিয়ায় আমাদের মতো অন্য দেশেও নানা ছুতোয় একাধিক শিশু দিবস পালনের চল আছে। আমাদের এখানে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশীয় তারিখগুলো পরিবর্তনের অভ্যাস থাকলেও অন্য দেশগুলোতে তেমন ঘটে না। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের শিশুদের মধ্যে তারিখ নিয়ে তালগোল পাকায় না। এই পরিত্যাজ্য অভ্যাস নিয়ে অন্য কোনো দিন নিরাপদ পরিবেশে আলাপ করা যাবে।
২০ নভেম্বর শুক্রবার পালিত হওয়া এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’ দেখে আমার কেবলই হালিমা ও তার সহপাঠীদের কথা মনে পড়ছে। প্রতিপাদ্যের বিষয়– আমার দিন, আমার অধিকার (সুরক্ষা ও সমতা) এবং আমার ভবিষ্যৎ (সম্ভাবনা ও আশার কথা)।

‘আমার দিন’ বলতে চলমান জীবন ও শিশুদের মতামতের গুরুত্ব বোঝানো হয়েছে। শিশুরা শুধু ভবিষ্যতের প্রাপ্তবয়স্ক মানুষ নয়। তাদের বর্তমানও গুরুত্বপূর্ণ। তাদের এখনকার অনুভূতি, মতামত ও প্রতিদিনের অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে। ‘আমার অধিকার’ (সুরক্ষা ও সমতা) বলতে সেই সব অধিকারের কথা বলা হয়েছে, যেগুলো জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বীকার করে নিয়েছে। সনদ বলছে, শিশুর লিঙ্গ, বয়স, সামাজিক পরিচয়, পারিবারিক পটভূমি কিংবা শারীরিক ও মানসিক সক্ষমতা নির্বিশেষে প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা, নিরাপদ পানি, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা এবং সহিংসতা ও নির্যাতন থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ শিশুর এসব অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
শেষে ‘আমার ভবিষ্যৎ’ বলতে সম্ভাবনা ও আশার কথা বলা হয়েছে। এখানে সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণ প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও শিক্ষাব্যবস্থা নিয়ে বড়রা যেসব সিদ্ধান্ত নেবেন, তার মধ্যে যেগুলো সরাসরি শিশুদের ভবিষ্যৎ পৃথিবীকে প্রভাবিত করবে, সেসব সিদ্ধান্তে শিশুদের মতামত ও অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।
শিশুদের জন্য উপযুক্ত বিনিয়োগ দেশের বিকাশের পূর্ণ সম্ভাবনার দরজা খুলে দেবে। শিশুরা যাতে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস অর্জন করতে পারে, সেদিকে নজর রাখতে হবে।
সংক্ষেপে, এই প্রতিপাদ্য বড়দের প্রতি আহ্বান জানায়– শিশুদের কথা শুনুন এবং এমন পদক্ষেপ নিন, যাতে প্রত্যেক শিশু আজ নিরাপদ থাকে এবং আগামী দিনের জন্য নিজের সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।
দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা এবং প্রতিপাদ্য নির্বাচনের ক্ষেত্রে শিশুদের কথা শোনার চর্চাকে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত করতে হবে। চর, পাহাড়, উপকূল, শহর, পল্লীর সব শিশু যেন নিজেদের কথা মন খুলে উপযুক্ত জায়গায় বলতে পারে এবং দেখতে পায়, তার কথাকে মূল্য দেওয়া হচ্ছে। শিশুকে দাম দিলে সেও দাম দিতে শিখবে।
গওহার নঈম ওয়ারা: লেখক, গবেষক [email protected]
- বিষয় :
- গওহার নঈম ওয়ারা