ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

জনমিতিক লভ্যাংশ

তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর সময় এখনই

তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর সময় এখনই
×
×

জনমিতিক লভ্যাংশের ভবিষ্যৎ শুধু কতজন তরুণ আছে, তার ওপর নির্ভর করবে না; নির্ভর করবে তাদের কতজনকে দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা যাচ্ছে, তার ওপর।

ড. যোবায়ের আহমদ ও আইয়ুব আলী 

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৫:২০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৫:২৮

বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং তার মানুষ; বিশেষ করে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পেছনে এই জনগোষ্ঠীর অবদান সবচেয়ে বেশি। কিন্তু এই জনমিতিক সুবিধা চিরস্থায়ী নয়। হাতে সময় সীমিত। এর মধ্যে সুযোগটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দরজা খুলে যেতে পারে। না পারলে আজকের এই সুবিধাই আগামী দিনে অর্থনীতি ও সমাজের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।

জনমিতিক লভ্যাংশ বলতে সেই পরিস্থিতিকে বোঝায়, যখন একটি দেশের মোট জনসংখ্যার তুলনায় কর্মক্ষম বয়সী মানুষের (সাধারণত ১৫–৬৪ বছর) অনুপাত বেশি থাকে এবং নির্ভরশীল জনগোষ্ঠীর অনুপাত তুলনামূলকভাবে কমে যায়। তখন উৎপাদন, কর্মসংস্থান, সঞ্চয়, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ার সুযোগ তৈরি হয়। তবে শুধু কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হলেই এই সুবিধা পাওয়া যায় না। তাদের শিক্ষিত, দক্ষ ও সুস্থ করে গড়ে তুলতে হয়, আর উৎপাদনশীল কাজের সুযোগও তৈরি করতে হয়।

বাংলাদেশের বর্তমান জনসংখ্যার কাঠামো এই সুযোগের গুরুত্ব স্পষ্ট করে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ; এর প্রায় ৬৬ শতাংশ কর্মক্ষম বয়সসীমার মধ্যে এবং প্রায় ৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। অর্থাৎ, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করার সুযোগ এখন আমাদের হাতেই আছে। 
তবে সবচেয়ে বড় সতর্কবার্তাটি এসেছে বিশ্বব্যাংকের ৩ নভেম্বর ২০২৬ সালে প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন থেকে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালের দিকে শীর্ষে পৌঁছাবে। আবার ২০৫১ সালের মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ১৪ শতাংশে পৌঁছে বাংলাদেশ ‘বয়োবৃদ্ধ সমাজ’ এ পরিণত হতে পারে। তার মানে এই নয় যে ২০৪৫ সালের পর কর্মক্ষম মানুষের সংখ্যা হঠাৎ কমে যাবে; বরং মোট জনসংখ্যায় তাদের অনুপাত চূড়ায় পৌঁছানোর পর ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের অনুপাতও বদলাতে থাকবে।

এই পরিবর্তনের আরেকটি দিক তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ২০২৫ সালের হেলদি এজিং তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ২০২৪ সালের প্রায় ১০ শতাংশ থেকে ২০৫০ সালে প্রায় ১৯ শতাংশে বাড়তে পারে। এর মানে, আগামী কয়েক দশকে প্রবীণ মানুষের সংখ্যা ও অনুপাত দুটিই অনেক বাড়বে। ফলে স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা, সামাজিক নিরাপত্তা এবং বার্ধক্যে আর্থিক সুরক্ষার চাহিদাও বাড়বে।
কিন্তু আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, আমরা এখনো এই জনমিতিক সুবিধাকে যথেষ্ট কর্মসংস্থান ও উৎপাদনশীলতায় রূপান্তর করতে পারিনি। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫ প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪-এর যে তথ্য এসেছে, তাতে দেখা যায়, যুব বেকারত্বের হার ২০২৩ সালের ৭.২৫ শতাংশ থেকে ২০২৪ সালে ৮.০৭ শতাংশে বেড়েছে। একই সময়ে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের অনুপাত ১৮.৯ শতাংশ থেকে বেড়ে ২০.৩ শতাংশ হয়েছে। নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হারও ৪১.৫ শতাংশ থেকে নেমে এসেছে ৩৮.৪ শতাংশে। এ ছাড়া দেশের প্রায় ৮৪ শতাংশ কর্মজীবী মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখের মত। 

শিক্ষিত বেকারত্ব আর দক্ষতার ঘাটতিও এখানে বড় প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বাংলাদেশবিষয়ক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ছিল প্রায় ২৫.৭ শতাংশ। অর্থাৎ, উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ উপযুক্ত কাজ পাচ্ছেন না। এটা শুধু শ্রমবাজারের সমস্যা নয়; এতে বোঝা যায়, শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন আর শিল্পখাতের চাহিদার মধ্যে মিল নেই।

ভবিষ্যতে জনসংখ্যার বার্ধক্য সরকারের আর্থিক সক্ষমতার ওপরও চাপ ফেলতে পারে। প্রবীণ জনগোষ্ঠীর জন্য পেনশন, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ভাতা এবং দীর্ঘমেয়াদি পরিচর্যায় বেশি অর্থ লাগবে। বিশেষত, যখন কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমতে থাকবে, তখন তুলনামূলকভাবে কম মানুষকে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষার খরচও যোগাতে হতে পারে। তবে এটিকে অনিবার্য আর্থিক সংকট ভাবা ঠিক হবে না; এর প্রকৃত মাত্রা নির্ভর করবে কর্মসংস্থান, কর-রাজস্ব, পেনশন কাঠামো এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর। 

বাংলাদেশ ২০২৩ সালে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। কিন্তু জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের শুরুতে চারটি স্কিমে নিবন্ধিত মানুষের সংখ্যা ছিল প্রায় ৩.৮ লাখ। দেশের বিপুল অনানুষ্ঠানিক শ্রমশক্তির তুলনায় এটি খুবই কম। এই ব্যবস্থার আওতা আরও বাড়াতে হবে।

এখনই কয়েকটি ক্ষেত্রে একসঙ্গে উদ্যোগ নিতে হবে। প্রথমত, শিক্ষাব্যবস্থাকে মুখস্থনির্ভরতা থেকে সরিয়ে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরি শিক্ষা, সমস্যা সমাধান ও হাতেকলমে দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগসূত্র গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প, ওষুধ, তথ্যপ্রযুক্তি, আধুনিক উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং সেবা খাতে নতুন কাজের সুযোগ তৈরি করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোও জরুরি।

তৃতীয়ত, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে নিরাপদ কর্মপরিবেশ, শিশুযত্ন সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। চতুর্থত, প্রবাসী কর্মসংস্থানকে অদক্ষ শ্রমের ওপর নির্ভরতা থেকে সরিয়ে দক্ষ ও বেশি আয়ের কাজের দিকে নিতে হবে। পাশাপাশি অনানুষ্ঠানিক শ্রমিক, স্বনিয়োজিত ব্যক্তি এবং প্রবাসীদের জন্য সহজলভ্য, টেকসই এবং সবার অংশগ্রহণের সুযোগ আছে, এমন পেনশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভবিষ্যতের প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার সক্ষমতাও এখন থেকেই বাড়াতে হবে।

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ শুধু জনসংখ্যার বার্ধক্য নয়; আসল প্রশ্ন হলো, বার্ধক্যে পৌঁছানোর আগে আমরা অর্থনৈতিকভাবে কতটা শক্ত অবস্থানে যেতে পারি। প্রবীণ জনগোষ্ঠীকে অর্থনীতির বোঝা না ভেবে তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানকে কাজে লাগানোর সুযোগও তৈরি করতে হবে। একটি সুস্থ, দক্ষ ও আর্থিকভাবে নিরাপদ প্রবীণ জনগোষ্ঠী দ্বিতীয় জনমিতিক লভ্যাংশের বড় উৎস হতে পারে।

২০৪৫ কোনো আকস্মিক সংকটের তারিখ নয়; এটি বাংলাদেশের জন্য নীতিনির্ধারণের একটি সময়সীমা। আজকের তরুণ জনগোষ্ঠীই আগামী দিনের প্রবীণ জনগোষ্ঠী। তাই এখনই শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও সামাজিক নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে। না হলে যে জনসংখ্যাকে আজ আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ মনে করছি, প্রস্তুতির অভাবে সেটিই ভবিষ্যতে অর্থনীতির বড় সমস্যা হয়ে উঠতে পারে। বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের ভবিষ্যৎ শুধু কতজন তরুণ আছে, তার ওপর নির্ভর করবে না; নির্ভর করবে তাদের কতজনকে দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা যাচ্ছে, তার ওপর।

ড. যোবায়ের আহমদ: সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম)
[email protected]
আইয়ুব আলী: রিসার্চ অফিসার, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস)
[email protected]
 

আরও পড়ুন

×