তৃতীয় মেরু
গঙ্গা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের অতিচালাকির বিপদ
শেখ রোকন
শেখ রোকন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৩৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১১:৩৮
| প্রিন্ট সংস্করণ
গঙ্গা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উচ্চকিত ছিলেন, রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন ততটাই নিশ্চুপ। যে কারণে চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর বাংলাদেশ ও ভারতের সংবাদমাধ্যমে ‘হাইপ’ উঠেছিল– এবার তিস্তা চুক্তি স্বাক্ষর ও গঙ্গা চুক্তি নবায়ন সহজ হবে। এমনকি কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও অভিন্ন জ্বরে আক্রান্ত হয়েছিল। যেমন পরিবেশ ও পানিসম্পদ বিষয়ে বিশেষায়িত সংবাদমাধ্যম ‘ডায়লগ আর্থ’ তখন এক দীর্ঘ মন্তব্য প্রতিবেদনে লিখেছিল– ‘বাংলাদেশের সঙ্গে আরও পানি বণ্টনের পথে বাধা হয়ে দাঁড়ানো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে ভারতের ক্ষমতাসীন দলের বিজয়ে পানিসম্পদ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা জেগেছে’ (গভর্নমেন্টস চেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কুড ইমপ্যাক্ট রিভার ট্রিটিজ, ২৯ মে ২০২৬)।
দুই.
সন্দেহ নেই, বর্তমান বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার আগের ১৫ বছর ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তিস্তা চুক্তির ক্ষেত্রেই বাগড়া দেননি; গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও প্রায় নিয়মিত বিরতিতে নাহক হুঁশিয়ারি উচ্চারণ করে গেছেন। বলতে গেলে টানা তিন মেয়াদের পুরোটা সময় ধরে।
বিস্ময়কর, গঙ্গা চুক্তির মেয়াদ ১১ বছর বাকি থাকতেই ‘নতুন করে পর্যালোচনা’র দাবি তুলেছিল তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল– ‘চুক্তি অনুসারে গত উনিশ বছর ধরে বাংলাদেশ বেশি জল পেয়ে আসছে। ফলে নাব্যতা কমছে গঙ্গার। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছি, বাংলাদেশের সঙ্গে ভারতের নতুন করে ফরাক্কা জল-চুক্তি করা হোক’ (আনন্দবাজার পত্রিকা, ৪ ফেব্রুয়ারি ২০১৫)।
পরবর্তী সময়ে, ২০১৭ সালে রাজবাড়ীর পাংশায় গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার উদ্যোগী হলে সেখানেও বাগড়া দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগের বছর ঢাকা সফরে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারও আগের বছর ঢাকা সফরে এসেছিলেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। দুপক্ষই নিজস্ব হিসাব-নিকাশে গঙ্গা ব্যারাজ নির্মাণে সহায়তায় সম্মত হয়েছিল এবং সেই আলোকেই ষাটের দশক থেকে দফায় দফায় পিছিয়ে যাওয়া প্রকল্পটি গতি পেয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি ও ঢাকার কাছে আপত্তি জানান; সীমান্ত থেকে অন্তত ১৬৫ কিলোমিটার দূরে পাংশায় গঙ্গা ব্যারাজ হলে নাকি পশ্চিমবঙ্গে বন্যা দেখা দেবে!
আরও আছে! মোটামুটি ২০১৯ সালের অক্টোবর থেকে বাংলাদেশের তৎকালীন প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের যৌথ ঘোষণাগুলোতে গঙ্গা চুক্তি নবায়নের প্রসঙ্গটি আসতে থাকে; ২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও সেই ধারা অব্যাহত থাকে। লক্ষণীয়, ঢাকা বা নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আপত্তি তুলে এসেছেন। সর্বশেষ বৈঠকের পর তৃণমূল থেকে বলা হয়েছিল– গঙ্গা চুক্তির নবায়ন ‘বাংলা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা’ ছাড়া কিছু নয় (আনন্দবাজার পত্রিকা, ২৩ জুন ২০২৪)।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশীয় ও বিদেশি সংবাদমাধ্যমের এমন অনুমান স্বভাবতই অসংগত ছিল না যে, পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনে তিস্তা বা গঙ্গার পানি বণ্টন প্রশ্নে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু তখনই লিখেছিলাম– মনে রাখতে হবে, মমতা কেবল তিস্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ছিলেন; পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সার্বিকভাবে বাংলাদেশ প্রশ্নেই কঠোর বিরোধী অবস্থান ইতোমধ্যে বহুবার ব্যক্ত করেছেন। মমতা তবুও মুখে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কথা বলতেন; শুভেন্দু অধিকারী সেই প্রতিবেশীসুলভ সৌজন্যেরও এতদিন ধার ধারেননি (পশ্চিমবঙ্গের তিস্তা-পরীক্ষা, সমকাল, ১০ মে ২০২৬)।

তিন.
বাস্তবেও দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রশ্নে তাঁর উত্তরসূরির চেয়ে এক কাঠি সরেস। তিনি এ বিষয়ে কোনো কথাই বলছেন না। ছকটা সম্ভবত কেন্দ্রীয় বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গের বদলে এবার মাঠে নামানো হয়েছে বিহারকে; সেখানকার বিজেপি-জেডিইউ জোট সরকার মাত্র কয়েক মাস আগ পর্যন্ত ফারাক্কা দিয়ে যথাসম্ভব বেশি প্রবাহ ভাটিতে বইতে দেওয়ার পক্ষে থাকলেও এখন সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে চুক্তিই নবায়নের বিপক্ষে মাঠে নেমেছে। এ বিষয়ে চলতি মাসের গোড়ায় সমকালেই বিস্তারিত লিখেছি (গঙ্গা চুক্তি নবায়নে বিহারের হঠাৎ বাগড়ার কারণ, ২ নভেম্বর ২০২৬)।
এদিকে পশ্চিমবঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বলছেন, তাঁর অগ্রাধিকার ফারাক্কার উজানে নদী খনন এবং বন্যা ও ভাঙন রোধ করা। অক্টোবরের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, পশ্চিমবঙ্গ এ বিষয়ে বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে কাজ করছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন জানিয়েছে, ঝাড়খণ্ড সীমান্ত থেকে ফারাক্কা ব্যারাজ পর্যন্ত কমবেশি ৮০ কিলোমিটার গঙ্গায় পাঁচটি ‘স্পার’ নির্মাণ করা হবে। এ ছাড়া ঝাড়খণ্ডের ভেতরে ১৬ কিলোমিটার নদী ড্রেজিং হবে। কারণ সেখানে চর জেগে জেগে গঙ্গা ভাঙতে ভাঙতে পূর্বদিকে ক্রমেই সরে আসছে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গত পাঁচ দশকে গঙ্গা ছয় কিলোমিটার সরে এসেছে। ঝাড়খণ্ডের রাজমহলের দিকে আরেকটি চ্যানেল ড্রেজিং করে গঙ্গাকে পুরোনো অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে (টাইমস অব ইন্ডিয়া, ২৭ অক্টোবর ২০২৬)।
সন্দেহ নেই, ফারাক্কার উজানে গঙ্গা ভাঙছে; স্পার নির্মাণ বা নদী খনন এর অন্যতম কারিগরি সমাধান বটে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা করছে, সেটা হলো অতিচালাকি; কারিগরি তৎপরতার আড়ালে আসলে রাজনীতি করতে চাইছে। ফারাক্কার উজানে গঙ্গার পানি ব্যবস্থাপনার তোড়জোড় এমনভাবে করছে, যেন সেখানকার ব্যারাজটির ভাটিতে নদীটির অস্তিত্বই নেই; বাংলাদেশের ন্যায্য অধিকার স্বীকারের প্রশ্ন তো দূরে।
চার.
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অভিন্ন ভাষায় প্রবাদ– ‘অতি চালাকের গলায় দড়ি’। উভয় দেশের অভিন্ন নদীতে বাংলাদেশের অভিন্ন অধিকারের প্রশ্নটি নিয়ে রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দাঁড়াচ্ছে কার্যত তেমনই।
খোদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঙ্গার ভাঙন রোধে কেন্দ্রের কাছে যে ১৫০০ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা জমা দিয়েছে, সেখানেই বলা হয়েছে, মালদহ জেলায় গঙ্গা ও ফুলহার নদীর মধ্যে ব্যবধান এক কিলোমিটারেরও কম, প্রায় ৭৫০ মিটারে দাঁড়িয়েছে। ভারতীয় বিশেষজ্ঞরাই বলছেন, ভাঙন থামানো না গেলে ৬-৭ বছরের মধ্যে গঙ্গা ও ফুলহার নদী মিলে যেতে পারে এবং সেটা ফারাক্কা ব্যারাজ, কলকাতা বন্দর ও মালদহ শহরের জন্য বিরাট হুমকি হবে।
কী সেই হুমকি? ফুলহার আসলে আমাদের মহানন্দার শাখা নদী। পঞ্চগড় সীমান্ত দিয়ে নেমে গিয়ে বিহারের কিষাণগঞ্জে দুই ভাগ হয়েছে। এক ভাগ ফুলহার নামে মালদহের রাতুয়া, ভুতনী, মানিকচক এলাকা দিয়ে গঙ্গায় মিশেছে। আরেকভাগ মহানন্দা নামেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে গঙ্গায় মিলেছে। আবার যেখানে ফুলহার গঙ্গায় মিলেছে, এর উজানে কালিন্দ্রি নদী বের হয়ে মহানন্দায় এসে মিশেছে। এখন, গঙ্গা যদি ফুলহারের সঙ্গে মিলে যায়, তাহলে গঙ্গার মূল স্রোত কালন্দ্রি হয়ে মহানন্দায় ফিরবে। তখন ফারাক্কা ব্যারাজ হয়ে উঠবে মরা নদীর অকেজো স্থাপনা মাত্র।
অনেকের মনে আছে, নব্বই দশকের শেষ দিকে একই পরস্থিতি হয়েছিল গঙ্গা ও পাগলা নদীর ক্ষেত্রে। এই নদীও গঙ্গার সমান্তরালে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করে মহানন্দায় মিলেছে।
ভারতীয় নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র তাঁর ‘গঙ্গা ভাঙন কথা’ বইয়ে দেখিয়েছেন, ভাঙতে ভাঙতে গঙ্গা পাগলা দিয়ে মহানন্দা হয়ে ফারাক্কা এড়িয়ে পুরোনো পথে প্রবাহিত হতে পারে। তিনি আমাকে এবার বলেছিলেন, গঙ্গা-পাগলার মিলনের আশঙ্কা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নথিতেই ব্যক্ত হয়েছিল; বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে।
পাঁচ.
পৌরাণিক ও ভৌগোলিকভাবে এটা স্পষ্ট– গঙ্গার ধর্ম হলো পদ্মার সঙ্গে সাক্ষাৎ। সেখানে ফারাক্কা ব্যারাজ বাধা হয়ে দাঁড়ানোর কারণে নদীটি এই দৈত্যকায় স্থাপনা এড়িয়ে বারবার বাংলাদেশে আসতে চাইছে। একবার পাগলা তো আরেকবার ফুলহার। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার, সংবাদমাধ্যম ও সাধারণের উচিত ছিল নদীটিকে নদীর মতো বইতে দেওয়ার দাবি জোরালো করা।
কারিগরিভাবেও এটা সত্য, ফারাক্কা ব্যারাজ দিয়ে যত কম পানি ভাটিতে প্রবাহিত হবে, উজানে ততই পলি জমতে থাকবে। আর ভাঙন ও বন্যার তীব্রতা বছর বছর বাড়তে থাকবে।
ভাটির দেশকে নদীর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে রাজনৈতিকভাবে অতি চালাকি করে হয়তো পার পাওয়া যায়; কূটনৈতিকভাবে উজানের দেশ হয়তো গায়ের জোর দেখাতে পারে; কিন্তু প্রাকৃতিকভাবে সেটা বুমেরাং হতে বাধ্য। ফারাক্কার উজানে গঙ্গার ক্ষেত্রে সেই লক্ষণ ইতোমধ্যে স্পষ্ট।
শেখ রোকন: লেখক ও নদী গবেষক
[email protected]
- বিষয় :
- শেখ রোকন