ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাকসু নির্বাচন

আম্মারের আন্দোলনে জামায়াতপন্থি কর্মকর্তাদের সংহতি, কর্মবিরতিতে অফিসার সমিতি

আম্মারের আন্দোলনে জামায়াতপন্থি কর্মকর্তাদের সংহতি, কর্মবিরতিতে অফিসার সমিতি
×
×

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৭:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে টানা পাঁচদিন অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার। তার আন্দোলনে সংহতি জানিয়েছেন জামায়াতপন্থি কর্মকর্তারা। তবে আজ রোববার সকাল থেকে নিরাপদ কর্মস্থলের দাবিতে জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতিতে যান অফিসার সমিতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসন ভবনের মূল ফটকের সামনে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন ‘রাবি আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার আম্মারের কর্মসূচিতে কর্মস্থলের পরিবেশ নষ্ট হচ্ছে দাবি করে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেয় অফিসার সমিতি। তবে সমিতির সিদ্ধান্ত না মেনে আম্মারের সঙ্গে সংহতি জানায় জামায়াতপন্থি কর্মকর্তারা।

এদিকে আম্মারের কর্মসূচি চলমান থাকায় আজ রোববার জরুরি সেবা ব্যতীত কর্মবিরতিতে গেছে অফিসার সমিতি।

কর্মবিরতির বিষয়ে অফিসার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের সুষ্ঠুভাবে কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা শুধু মর্যাদার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে চাই। কতিপয় কর্মকর্তা আমাদের বিরোধিতা করছেন এবং নিয়মবহির্ভূতভাবে বাইপাস করে দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কর্মস্থলের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সংগত কর্মবিরতি চলবে।’

অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘প্রশাসন ভবন-১-এর প্রধান ফটকে বিশৃঙ্খলা, উচ্চ শব্দে মাইক বাজানো ও ক্রিকেট খেলার কারণে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে। নিরাপদ কর্মপরিবেশ ছাড়া সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব নয়। এ কারণে আমরা প্রশাসনের কাছে একটি সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

২০২৫ সালে পোষ্য কোটা আন্দোলনের সময় ১২ ঘণ্টা প্রশাসন ভবন অবরুদ্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘যাদের নেতৃত্বে তখন প্রশাসন ভবন অবরুদ্ধ করা হয়েছিল, এখন তারাই এখানে অবস্থান করছেন।’

তবে অফিসার সমিতির কর্মবিরতির বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি কর্মকর্তারা। গত বৃহস্পতিবার দুপুরে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘এখানে কর্মকর্তা-কর্মচারীদের কোনো দাবি-দাওয়া নেই। কেবল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কর্মবিরতির সঙ্গে আমরা একমত নই। আমরা অফিস সচল রাখব।’

এদিকে আন্দোলন চলমান রাখার বিষয়ে রাবি সংস্কার আন্দোলন নামের সংগঠনটির সদস্য সচিব আরিফ আলভি বলেন, টানা এই আন্দোলনে মঞ্চ-২৪-এর আহ্বায়ক অসুস্থ হয়েছেন। তবুও আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালাব।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টা থেকে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসন ভবনের মূল ফটকে ‘মুলা’ ঝুলিয়ে দেন তারা।

আরও পড়ুন

×