ফের ১৫ দিনের রিমান্ডে পাপিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০২:৪৫ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০২:৫৬
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে ফের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকার দুইজন মহানগর হাকিম এই আদেশ দেন। এই দম্পতির বিরুদ্ধে জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিনটি মামলা রয়েছে।
এর আগেও প্রথম দফায় দুইজনকে ১৫ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত।
বুধবার পাপিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা, শেরে বাংলানগর থানার অস্ত্র ও মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান রুপি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার উপরে।
এরপর ওয়েস্টিনের প্রেসিডেনশিয়াল স্যুইট এবং ইন্দিরা রোডে পাপিয়াদের দুটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করার কথা জানায় র্যাব।
- বিষয় :
- নরসিংদী
- শামীমা নূর পাপিয়া
- রিমান্ড
