ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনার বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করছে কমিউনিটি রেডিও

করোনার বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করছে কমিউনিটি রেডিও
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:৫২

প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে বাংলাদেশে সম্প্রচাররত কমিউনিটি রেডিও একযোগে বিরতিহীনভাবে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। গত ১ মার্চ থেকে এই সম্প্রচার চলছে।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কেন্দ্রীয়ভাবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত কভিড-১৯ : কৌশলগত প্রস্তুতি ও এ দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে অনুষ্ঠান নির্মাণের দিক-নির্দেশনাসহ সম্প্রচাররত কমিউনিটি রেডিও স্টেশনগুলোতে প্রেরণ করছে। এইসব তথ্যের ওপর ভিত্তি করে কমিউনিটি রেডিওগুলো করোনা ভাইরাস প্রতিরোধমূলক রেডিও অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করছে। এই প্রচারণা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

করোনা ভাইরাস নিয়ে কমিউনিটি রেডিওগুলো সম্মিলিতভাবে প্রতিদিন গড়ে প্রায় ৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করছে। সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ), কথিকা, স্পট, জিঙ্গেল, নাটিকা, আলোচনা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সাক্ষাতকার। এসব অনুষ্ঠানের মাধ্যমে সংক্রমণ কিভাবে ছড়ায়, সংক্রমণের সাধারণ লক্ষণসমূহ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

×