ইউরোপে রেকর্ড সংখ্যক বাংলাদেশির আশ্রয়ের আবেদন
ইউরোপে আশ্রয় নিতে বাংলাদেশিদের রেকর্ড আবেদন। প্রতীকী ছবি- ডয়চে ভেলে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০৩
গত বছর ইউরোপে ‘অ্যাসাইলাম’ (আশ্রয়) চেয়েছেন প্রায় ৩৪ হাজার বাংলাদেশি। এর আগে এত বেশি লোক কখনো আশ্রয় চাননি। ইউরোপীয় ইউনিয়নের অ্যাসাইলাম এজেন্সি গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
এমন সময়ে এ তথ্য প্রকাশিত হলো যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার সদস্য ২৮টি দেশ থেকে ‘অনিয়মিত অভিবাসীদের’ (বৈধভাবে অবস্থানের অধিকার নেই) নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা না করলে ভিসাব্যবস্থায় বিধি-নিষেধ আরোপেরও সিদ্ধান্ত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অ্যাসাইলাম এজেন্সির তথ্যানুযায়ী, গত বছর রেকর্ড সংখ্যক আবেদনকারী ইউরোপে আশ্রয় চেয়েছেন। ২০০৮ সালের পর থেকে তুর্ক, ভেনিজুয়েলান, কলম্বিয়ান, বাংলাদেশি ও জর্জিয়ানরা সর্বোচ্চসংখ্যায় অ্যাসাইলামের আবেদন করেছেন। বিশ্লেষণে এসব আবেদনকে নজিরবিহীন বলে অভিহিত করা হয়েছে। এই দেশগুলো থেকে আশ্রয়ের আবেদন মঞ্জুর হওয়ার হার ৫ শতাংশেরও কম।
গত বছরজুড়েই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের থাকার বিষয়টি আলোচনায় ছিল। গত সপ্তাহেও উদ্ধারকারী জাহাজ কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলেছে, অবৈধভাবে ইউরোপে যাওয়ার পর বাংলাদেশিরা আশ্রয়ের জন্য আবেদন করছেন। এরপর যাচাইবাছাইসাপেক্ষে স্বল্পসংখ্যক বাংলাদেশি ইউরোপে থাকার অনুমতি পাচ্ছেন। বাকিদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ইউরোপ
- আশ্রয়
- অ্যাসাইলাম
