ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

'জনগণ এমন থাকলে করোনার বিস্তার ইউরোপের মতো হবে না'

'জনগণ এমন থাকলে করোনার বিস্তার ইউরোপের মতো হবে না'
×

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৫:৪২

জনগণ সচেতন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ রকম সচেতন থাকলে দেশে করোনা ভাইরাসের বিস্তার ইউরোপের দেশগুলোর মতো হবে না। করোনাভাইরাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টার বিশেষ সেল গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোথায় কী হচ্ছে আমরা তার খোঁজ-খবর রাখছি, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে ধানমন্ডি মন্ত্রীর বাসভবনের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, অহেতুক যেন জনসমাগম না হয় সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। জনগণকে সরকারের নির্দেশনাগুলো মেনে চলতে বলছেন। 

সবাইকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিজেকে পরিষ্কার রাখুন। হাত ধোয়া তো আমাদের ঈমানি অঙ্গ। সে হিসেবে আপনারা হাত ধুবেন। বের হওয়ার সময় মাস্ক পরে বের হবেন এবং কিছু করতে হলে হাতে গ্লাভস পড়ে করুন। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেটা একজন থেকে আরেকজনের যেটুকু দূরত্বে থাকা দরকার সেটা বজায় রাখবেন।’

জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, দেখুন ধানমণ্ডিতে দাঁড়িয়ে আছি, এই এলাকার সড়কে কেউ নেই। আমরা যদি এভাবে সবাই সচেতন থাকি তাহলে আমাদের দেশে ইউরোপের মতো সংক্রমিত হবে না।

ফাঁকা রাজধানীতে চুরি-ডাকাতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী চোখ-কান খোলা রেখে কাজ করছে বলেও জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘এনজিওগুলো নিজ উদ্যোগে যে কাজ করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টা সেল খোলা রয়েছে। সড়কে যারা বের হচ্ছে তাদের নিষেধ করবেন যাতে তারা বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন, অহেতুক জনসমাগম যাতে না হয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনগণকে উদ্ভুদ্ধ করছে। এই নির্দেশনা যেন সবাই মেনে চলেন।’

আরও পড়ুন

×