ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

৩ সাবেক গভর্নরের নথি তলব করল দুদক

৩ সাবেক গভর্নরের নথি তলব করল দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২২:১২

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আলোচিত ঘটনার অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিন সাবেক গভর্নরের কার্যক্রম ও তাদের ব্যক্তিগত নথি চেয়ে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিন সাবেক গভর্নর হলেন ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, রিজার্ভ চুরির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ওইসব নথি চাওয়া হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, হলমার্ক কেলেঙ্কারির ঘটনাসহ ব্যাংকিং খাতের নানা অনিয়মের দুর্নীতি সম্পর্কিত নথিপত্র চাওয়া হয়েছে।

রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণসংক্রান্ত নথি চাওয়া হয়। রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা দুই ভারতীয় নাগরিক সম্পর্কিত নথিপত্রও পাঠাতে বলা হয়েছে। 

আকতারুল ইসলাম বলেন, কয়েকটি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া সংক্রান্ত নোটশিটের সত্যায়িত কপি, এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংককে নগদ সহায়তা দেওয়ার অনুমোদন সংক্রান্ত নথিসহ আরও কিছু অনিয়মের নথি চাওয়া হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর দোহা সম্পর্কিত কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনের সত্যায়িত কপিও পাঠাতে বলেছে দুদক।

তিনি আরও বলেন, একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা প্রদান ও বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ দেওয়াসহ নানা অনিয়মের তথ্য-প্রমাণ রয়েছে দুদকের কাছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মোমিনুল ইসলাম, রণজিৎ কুমার কর্মকার ও উপসহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লার সমন্বয়ে গঠিত তিন সদস্যের বিশেষ একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে।

আরও পড়ুন

×