বীর প্রতীক সেলিম আকবর আর নেই
সেলিম আকবর বীর প্রতীক -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বীর মুক্তিযোদ্ধা সেলিম আকবর বীর প্রতীক আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম আকবর বীর প্রতীক বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, সেলিম আকবর বীর প্রতীক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুনের গেরিলা এবং আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন। আমরা তার আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন সেলিম আকবর। মুক্তিযুদ্ধের সময় যখন ক্র্যাক প্লাটুন-এ যোগ দেন তখন সেলিম আকবর স্কুলের শিক্ষার্থী ছিলেন। সে সময় তার অসীম সাহসিকতায় ঢাকার ধানমন্ডিতে পাকিস্তানি বাহিনীর একাধিক সৈন্য নাস্তানাবুদ হয়। সেই থেকে ধানমন্ডির নায়ক হিসেবে পরিচিতি পান বীর মুক্তিযোদ্ধা সেলিম আকবর।
