ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনায় কর্মহীন হয়ে দেশে ফিরলে ঋণ, মৃত্যুতে ৩ লাখ টাকা অনুদান

করোনায় কর্মহীন হয়ে দেশে ফিরলে ঋণ, মৃত্যুতে ৩ লাখ টাকা অনুদান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা পরিস্থিতিতে কেউ চাকরি হারিয়ে দেশে ফিরলে তাকে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ দেওয়া হবে। করোনায় আক্রান্ত হয়ে কেউ বিদেশে মারা গেলে তিন লাখ টাকা অনুদান পাবে তার পরিবার। বর্তমানে বৈধ কর্মীরা বিদেশে মারা গেলে এ টাকা পান। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেলে অবৈধ কর্মীর পরিবারও অনুদান পাবে। 

তবে যেসব বাংলাদেশির দ্বৈতনাগরিকত্ব, বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি, গ্রিন কার্ড রয়েছে তাদের করোনায় মৃত্যু হলে অনুদান দেওয়া হবে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সমকালকে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। 

বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া নিয়ে এ সভায় আলোচনায় হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমসহ দুই মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। 

করোনাভাইরাসের সংক্রমণে থেমে আছে গোটা দুনিয়া। দেশে দেশে চলছে ‘লকডাউন’। কলকারখানা, উৎপাদন বন্ধ থাকায় কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে গেছেন। বিদেশে থাকা বাংলাদেশি কর্মীরও কাজ হারিয়েছেন। এর মধ্যে নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে বিভিন্ন দেশ থেকে অবৈধ বাংলাদেশি কর্মীদের ফেরত আনার চাপ। অর্থনৈতিক দূরাবস্থার কথা বলে  মালদ্বীপ, কুয়েত, মালয়েশিয়ায়, ওমান, সৌদ আরবসহ কয়েকটি দেশ অবৈধদের ফেরত পাঠাতে চাইছে। করোনা পরিস্থিতিতে মানবিক কারণে ফেরত পাঠানো বন্ধের অনুরোধ জানিয়েও কয়েকটি দেশের কাছ থেকে সাড়া পায়নি বাংলাদেশ। 

ইতিমধ্যে মালদ্বীপে ৩৮ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী দেশে ফিরতে নিবন্ধন করেছেন। বুধবারের বৈঠকে এ তথ্য জানানো হয়। তাদের ফেরত না পাঠাতে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে মালদ্বীপের কাছ থেকে জবাব এসেছে, করোনার কারণে তাদের নিজেদের নাগরিকরাই বেকার হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন বৈধ বিদেশি কর্মীরা। এ অবস্থায় অবৈধদের রাখা সম্ভব নয়। 

মালদ্বীপকে রাজি করাতে দেশটিকে ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌবাহিনীর জাহাজে মালদ্বীপের জন্য খাবার, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে নিবন্ধন কার্যক্রম চালানো কুয়েতেও ত্রাণ সহায়তা পাঠানেরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

প্রবাসী কল্যাণমন্ত্রী সভার পর বলেছেন, কয়েকটি দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনতে বলা হচ্ছে। এই কর্মীরা ফেরত আসলে তাদেরকে সঠিকভাবে কোয়ারেন্টাইন করা হবে। তারা যাতে দেশে এসে কিছু করতে পারে সে দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মন্ত্রী জানান, কর্মীরা দেশে ফিরলে তাৎক্ষনিক পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তবে বিমানবন্দরের প্রবাসী  কল্যাণ ডেস্ক জানিয়েছে, তারা এখনো অনুদানের কোনো নির্দেশনা পায়নি। 

প্রবাসীরা দেশে ফেরার পর ঋণের বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান সমকালকে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে মাধ্যমে ঋণ দেওয়া হবে। কল্যাণ বোর্ডের হাতে ৫০০ কোটি টাকার তহবিল রয়েছে। কর্মীরা বিদেশ যাওয়ার সময় কল্যাণ ফি বাবদ যে টাকা দিয়ে যান, তা দিয়ে এ তববিল তৈরি হয়েছে। এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। সুদ নেওয়া হবে না। সার্ভিজ চার্জ বাবদ ১ থেকে ২ শতাংশ টাকা নেওয়া হবে। 

করোনায় মৃত্যুতে অনুদানের বিষয়ে মহাপরিচালক জানিয়েছেন, বিদ্যমান নিয়মে শুধু নিবন্ধিত কর্মীরাই বিদেশে মারা গেলে অনুদান পান। করোনার ক্ষেত্রে অনিবন্ধিত কর্মীদের পরিবারও অনুদান পাবে। বৈধ কোনো কর্মী করোনায় মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকাই দেওয়া হবে। বাড়তি টাকা দেওয়া হবে না। 

আরও পড়ুন

×