ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আসছে ‘আলোর গেরিলা’ বাহিনী

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আসছে ‘আলোর গেরিলা’ বাহিনী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘দুর্যোগে আলোর গেরিলা’ নামে বিশেষ কর্মীবাহিনী গঠন করছে। এ বিশেষ বাহিনীর জন্য ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে আগামী শনিবারের মধ্যে সদর দপ্তরে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সূত্রে জানা গেছে, দেশে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বিদ্যুৎ বিতরণে নানা সংকট সৃষ্টি হয়। এই সময়ের মধ্যে তাপমাত্রা বেশি থাকে। আবার ঝড়-বৃষ্টির মৌসুম চলায় অনেক সময় গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এছাড়া আগামী ২৪ বা ২৫ এপ্রিল থেকে রোজা শুরু হলে সেহরি, ইফতার ও তারাবি নামাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাটাও একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে করোনাভাইরাস মহামারী ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ‘আলোর গেরিলা’ গঠনে সব সমিতিকে চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন আরইবি চেয়ারম্যান।

এ বিষয়ে আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন সমকালকে বলেন, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী এখন মানুষ ঘরে থাকছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক রাখার

উদ্যোগের অংশ হিসেবে ‘আলোর গেরিলা’ গঠন করছি। করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির পরিপ্রেক্ষিতে লকডাউনের আওতাভুক্ত এলাকা আরও বাড়তে পারে। এর বাইরে মৌসুমি ঝড়-বৃষ্টি বা কালবৈশাখির কারণে অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হলে বর্তমান পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব নাও হতে পারে। জেলা পর্যায়ে হাসপাতলগুলোতে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। সেখানেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

রাখতে হবে। চলমান পরিস্থিতি এবং বৈরি আবহাওয়ার মৌসুম বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরইবির চেয়ারম্যান জানান, সমিতির সদর দফতর, জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস, অভিযোগ কেন্দ্র- প্রতিটির জন্য প্রয়োজনীয় সংখ্যক গেরিলা ইউনিট থাকবে; যার ১টি বা একাধিক ইউনিট সার্বক্ষণিক কর্তব্যরত থাকবে এবং অপর ইউনিটগুলো নির্দেশনার ১৫ মিনিটের মধ্যে কাজে যোগদানের জন্য প্রস্তুত থাকবে।

চিঠিতে চেয়ারম্যান বলেন, সমিতির নিজস্ব জনবল ছাড়াও সমিতির ভৌগোলিক এলাকায় ব্যক্তিগত/ প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিজ্ঞ জনসম্পদ রয়েছে। এ জনসম্পদ কাজে লাগিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের কথা ভাবতে হবে।

আরইবি সূত্র জানায়, ‘আলোর গেরিলা’ পরিচালনার জন্য ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেনারেল ম্যানেজারদের নির্দেশনা মেনে কাজ করতে হবে। দিনের পাশাপাশি রাতেও যাতে  ‘আলোর গেরিলা’রা কাজ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। তাদের সেহরি ও ইফতারের ব্যবস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড করবে।

আরও পড়ুন

×