বাংলাদেশ থেকে ৪ বিশেষ ফ্লাইটে ফিরবেন ব্রিটিশ নাগরিকরা
প্রতীকী ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:৪৮
করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। এ জন্য আগামী ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা-লন্ডন রুটে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাজ্য।
শনিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর দেড় লাখের বেশি ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো ফ্লাইট নেই। ফলে অনেক নাগরিক বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে পারছেন না। এ কারণেই চারটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের ঢাকায় আনার জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের বিকল্প বুকিংয়ের ব্যবস্থা থাকবে। ফিরতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা কর্পোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনার এর মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।
এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন একটি ভিডিও বার্তায় বলেন, ‘এই ফ্লাইটগুলোর ব্যায় কম রাখতে চেষ্টা করা হয়েছে। ঢাকা কিংবা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করেন তার জন্য মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।’ ব্রিটিশ পর্যটকদের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করার ঘোষণা দিতে পেরে তিনি খুব আনন্দিত বলেও বার্তায় উল্লেখ করেন।
