ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পাঁচ জেলায় কলেজছাত্রসহ পাঁচজনকে পিটিয়ে হত্যা

পাঁচ জেলায় কলেজছাত্রসহ পাঁচজনকে পিটিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২১:৪০

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে এক তরুণকে এবং কক্সবাজারের টেকনাফে জমির বিরোধে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং বগুড়ার দুপচাঁচিয়ায় মারধরে নিহত হয়েছেন দুজন। ময়মনসিংহে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলে উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ীর লাশ।

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে জিসান (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে। এ সময় অনিক নামের আরেক তরুণ আহত হন। 

নিহতের মা শিল্পী বেগমের অভিযোগ, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল লোক তার ছেলেকে মাগরিবের নামাজের আগে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর জিসানের সঙ্গে তার বন্ধু অনিককে রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্টে শিকল দিয়ে বেঁধে পেটানো হয়। জিসান অচেতন হয়ে পড়লে পরিবারের কাছে রেখে চলে যায় লোকগুলো। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জিসানকে নির্যাতন করে।
‎‎
অভিযোগ প্রসঙ্গে ইমাম কাওছার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
‎‎
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, জিসানের বিরুদ্ধে ২০২২ সালে একটি মারামারির মামলা রয়েছে। 

কক্সবাজারে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা 
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শফি উল্লাহ (২২) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফি উল্লাহ সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার হাফেজ মুখতার আহমদের ছেলে। তিনি হ্নীলার মাঈনুদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের অভিযোগ, রাস্তা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলে আসছে। এরই জেরে প্রতিপক্ষ জহির আহমদ ও তাঁর ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াসসহ কয়েকজন শনিবার শফিকে মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, যাতায়াত পথের জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা 
ময়মনসিংহে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার নগরীর আকুয়ার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ওই কলোনিতে বাসা ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ সম্পর্কে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘গত শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ (রোববার) দুপুরে ওই যুবকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে মিলে রুবেলকে গলা কেটে হত্যা করেছেন।’

পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

গাইবান্ধায় সালিশে মারধরে এক ব্যক্তি নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে মারধরে আব্দুর রাজ্জাক মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। রাজ্জাক ওই গ্রামের খাইরুজ্জামানের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার চাচিয়া মীরগঞ্জ গ্রামের সাজু ব্যাপারীর বাড়ির উঠানে।

পুলিশ জানায়, ওই গ্রামের মো. আমজাদ হোসেনের সঙ্গে তার সৎ ভাই মো. গোলজার হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিষয়টি মিমাংসার জন্য রোববার বৈঠকের তারিখ নির্ধারণ করেন। বৈঠক শুরুর আগে তৃতীয় পক্ষ হিসেবে আব্দুর রাজ্জাক মিয়া উপস্থিত হলে গোলজার হোসেনের পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। আশপাশের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মো. গোলজার হোসেন, তার ছেলে মো. লিটন মিয়া, মো. রিপন মিয়া, স্ত্রী মোছা রতনা বেগম ও মো. মঞ্জুয়ারা বেগমকে আটক করে। 

বগুড়ায় মারধরে যুবক নিহত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান।

সম্রাট দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং উপজেলার ভেলুরচক গ্রামের রফিক আকন্দের ছেলে। 
এই ঘটনায় পুলিশ সম্রাটের চাচা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে। তিনি দুপচাচিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

টাঙ্গাইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার কুইজবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ মিয়া (৪৮) ওই গ্রামের লাল মিয়ার ছেলে। মগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরহাদ আলী বলেন, শনিবার রাত ১০টার দিকে মাসুদ তার মুদি দোকান বন্ধ করে বাড়ি যান। পরে দোকানের কাজ আছে বলে স্ত্রীকে জানিয়ে আবার বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
(ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)

আরও পড়ুন

×