বগুড়া
কাস্টমস কর্তাদের উৎকোচ না দিলে হয়রানির অভিযোগ বেকারি মালিক সমিতির
বগুড়া মহানগরের দত্তবাড়ির স্থানীয় এক রেস্টুরেন্টে বেকারি মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২২:৪৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২৩:০১
কাস্টমস কর্মকর্তাদের উৎকোচ ও হয়রানির কারণে দেশের বেকারি শিল্প চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার কর ও ভ্যাট না বাড়ালেও কাস্টমসের কিছু কর্মকর্তার নানা ধরনের হয়রানি ও উৎকোচের চাপে শিল্পটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।
রোববার বিকেলে বগুড়া মহানগরের দত্তবাড়ি এলাকার একটি রেস্টুরেন্টে বগুড়া জেলা বেকারি মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন বক্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি) বলেন, বেকারি শিল্প দেশের কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা ও হয়রানির কারণে এ শিল্পের উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক বেকারি প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের ফিডিং মিল কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায় না। অন্যদিকে, কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনেকেই ফুটপাতে খাদ্যপণ্য বিক্রি করছেন। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
তাদের দাবি, এসব কারণে দেশের অনেক খাদ্যশিল্প কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আরও উদ্যোক্তা এ খাত থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন, যা কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতি ও জেলা বেকারি মালিক সমিতির সভাপতি এবং আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার আলী এবং সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক।
জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হান্নান মিয়া, গোলাম ফারুক তরফদার, আওলাদ হোসেন, কাওছার ভান্ডারী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সচিব ফারুক হোসেন খান, বায়েজিদ শেখ, রেজাউল করিম ও আলী আজম।
