ইউরোপের ভূত ঝাড়াতে ব্রাজিলের ইতালিয়ান ওঝা
রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২২:৫৮
ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় ইউরোপের ভূত ভর করেছে। ২০০৬ থেকে ২০২২, প্রতিটি বিশ্বকাপে ইউরোপের দলের সামনে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ইউরোপের ওই ভূত ঝাড়াতে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাগ আউটের দায়িত্ব দিয়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।
পূর্বের আসরগুলোতে ব্রাজিল ইউরোপের দলের সামনে হয় কোয়ার্টার ফাইনাল নয়তো সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ২০০৬ আসরে যেমন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল ফ্রান্স এবং শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল তারা। ২০১০ আসরের রানার্স আপ নেদারল্যান্ডস শেষ আটে ব্রাজিলকে হারিয়েছিল। ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির কাছে সেমিফাইনালে হেরেছিল সেলেসাওরা।
এরপর রাশিয়ায় বেলজিয়ামের বিপক্ষে ও কাতারে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার ব্রাজিল ইউরোপের প্রতিনিধির সামনে পড়েছে শেষ ষোলোয়। আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে খেলতে হবে কার্লো আনচেলত্তির দলের।
শক্তির বিচারে নরওয়ের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। কিন্তু ইউরোপের ভূত ও নরওয়ের বিপক্ষে ব্রাজিলের আটকে যাওয়ার পুরনো ইতিহাস হয়তো ভয় ধরাচ্ছে সেলেসাও শিবিরে। নরওয়ে ও ব্রাজিল এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। দু’বার ড্র করলেও কোনবার জিততে পারেনি ব্রাজিল। ডন কার্লোর অধীনে ব্রাজিল এবার নরওয়ে ও ইউরোপের বাধা অতিক্রম করতে পারে কিনা দেখার থাকবে বিষয়টি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
