ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ
×

আহত জামায়াত নেতা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২২:৩৬

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর এক নেতাকে হাত–মুখ বেঁধে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম জাহিদ হাসান। তিনি পৌরশহরের আড়াইআনি বাজারের একজন ব্যবসায়ী। একই সঙ্গে তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক৷

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নালিতাবাড়ী বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার গতিরোধ করে এবং হামলা চালায়। একটি কালো ব্যাগ জাহিদ হাসানের মাথায় পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা সটকে পড়ে।

পরিবারের ভাষ্য, প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেন বলেন, ‘রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে এ হামলা হতে পারে। এ ঘটনায় মামলা করা হয়েছে।’

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’

নলিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী বলেন, ‘জাহিদ হাসান জাতীয় নির্বাচনের আগেও হামলার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। আমার মনে হয় পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামীকাল প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।’

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় জাহিদ হাসানের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×