ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা উপসর্গে অন্তঃসত্ত্বাসহ ৫ জনের মৃত্যু

করোনা উপসর্গে অন্তঃসত্ত্বাসহ ৫ জনের মৃত্যু
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ১২:০০

করোনা উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রয়েছেন। এ নিয়ে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ২১৯ জনের মৃত্যুর খবর মিলল। আঞ্চলিক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ (২৪) করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। রাতেই তার মৃত্যু হয়। অন্য দিকে চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে ভর্তি হন। গতকাল ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা পাঁচজনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে করোনা উপসর্গ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের (৬৬) মৃত্যু হয়েছে। গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বিকল্পধারা বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সভাপতি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামনাশিস মজুমদার জানান, ওই ব্যক্তি এক সপ্তাহ ধরে জ্বর (টাইফয়েড) ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠায়। সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আব্দুল মোমিন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি (৫০) হাসপাতালে আসেন। কয়েকদিন ধরে তার জ্বর ছিল। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর পাঠানো হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। তার ও পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহসহ তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।
ব্রা?হ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে এক যুবক (২৮) মারা গেছেন। তিনি একটি বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, ওই যুবক ছোটবেলা থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার এ সমস্যা আরও তীব্র হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করোনা উপসর্গ থাকায় তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মৃত যুবক ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহসহ তাদের বাড়িটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

×