সীমিত পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৬:০৬
করোনা পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগ এবং বিচারিক আদালত চালু রাখার সিদ্ধান্ত সোমবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে অধিকতর সিদ্ধান্ত নিতে রোববার ঊভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে ফুল কোর্ট সভা আহবান করা হয়েছে।
সীমিত আকারে আদালত চালু করার একদিন পরই শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত এ বিজ্ঞপ্তির কার্যকারিতা ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো। অপর এক বিজ্ঞপ্তিতে জেলা দায়রা জজ আদালত সপ্তাহে দুইদিন চালু রাখার সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টেও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিম্ন আদালত খুলে দিতে ঢাকা ও চট্টগ্রাম আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে চিঠি দেয়। এছাড়া উচ্চ আদালত খুলে দিতে কয়েকজন আইনজীবী ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান। এরপরই স্বল্প পরিসরে আদালত খোলা রাখতে সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্তের বিরোধিতা করেন কতিপয় আইনজীবী। তারা বলেন, আদালত খোলা রাখার এই সিদ্ধান্তে শুধু বিচারক, আইনজীবী সমাজ নয়, গোটা দেশের মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেবে। অবিলম্বে সুপ্রিমকোর্ট প্রশাসনের এ সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানান তারা।
পাশাপাশি আদালত খোলার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন বেশ কয়েকজন আইনজীবী।
- বিষয় :
- আদালত