ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির 

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির 
×

ছবি: টিওয়াসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৯:১৪

কোচ হিসেবে লিওনেল স্কালোনি নিজেকে অভিজাতদের কাতারে নিয়েছেন। সেটা শুধু বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো শিরোপা জিতে নয়। তার ঝুলিতে ভিন্ন ভিন্ন কৌশল আছে। দলের ওপর অগাধ নিয়ন্ত্রণ তার। প্রতিপক্ষ নিয়ে পর্যাপ্ত পড়াশুনা করতেও ভুল করেন না এই আর্জেন্টাইন।

কেপ ভার্দের বিপক্ষে নকআউটের ম্যাচ ভালো শিক্ষা দিয়েছে স্কালোনিসহ আর্জেন্টাইন ফুটবলারদের। ভক্তদের বুকে দুরুদুরু কাঁপন তুলেছে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আলবিসেলেস্তেদের সামনে মিসর পরীক্ষা। দুই দলের শক্তি, দুর্বলতা মিলিয়ে আকাশি-সাদা জার্সির দল এগিয়ে।

বিশ্বকাপের অভিজ্ঞতায় মিসর নেই আর্জেন্টিনার ধারে কাছে। ফারাওরা পূর্বে কখনো বিশ্বকাপের নকআউটই খেলেনি। আফ্রিকার কোন দেশ কখনো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউটে হারাতে পারেনি। অতীত দুই সাক্ষাতে জিতেছে আর্জেন্টিনা। কিন্তু মেসিদের কোচ স্কালোনি এসব পরিসংখ্যান কিংবা পুরনো গল্পে বুদ হতে চান না। কেপ ভার্দে ম্যাচের একাদশে যে কারণে তিন পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে, লেফট ব্যাক ফাকুন্দে মেডিনার জায়গায় খেলতে যাচ্ছেন নিকোলাস ত্যাগলিয়াফিকো। স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ শুরুর একাদশে ঢুকে বেঞ্চে ঠেলে দিতে যাচ্ছেন লওতারো মার্টিনেজকে। খালি চোখে চিন্তা করলে এই দুই জায়গায় সমমানের দুই ফুটবলার একাদশে ঢুকছেন।

অন্য বদলিটা হতে পারে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। স্কালোনি মূলত এই তিন পরিবর্তন দিয়ে মিসরের বিপক্ষে মাঝমাঠের দখল নিতে চান। পারদেস ও ডি পলকে ‘ডেসট্রয়ার’ অর্থাৎ প্রতিপক্ষের আক্রমণে ধ্বংস করার ভূমিকায় রাখতে চান তিনি। যাদের কাজ হবে মিড ব্লকে মোহামেদ সালাহ ও ওমর মারমৌশকে আটকানো।

সেক্ষেত্রে এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার মাঝ মাঠে পাবেন অবাধ স্বাধীনতা। লিভারপুলে খেলা নাম্বার টেন অ্যালিস্টারকে আর্জেন্টিনার নাম্বার টেনের ভূমিকায় দেখা যাবে। মেসির ভূমিকা হবে ফরোয়ার্ড লাইনে আরেকটু ওপরে। উইঙ্গে গ্যাপ কমিয়ে দুই প্রান্ত দিয়ে ডাবল স্ট্রাইকার হিসেবে খেলবেন জুলিয়ান আলভারেজ। ডিফেন্সে ত্যাগলিয়াফিকোর ভূমিকা হবে আক্রমণের চেয়ে রক্ষণে নির্ভরতা দেওয়া।

স্কালোনি কেপ ভার্দে ম্যাচ থেকে কিংবা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছেন বলতে হবে। কেপ ভার্দের বিপক্ষে তিনি মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। চোখে পড়ার মতো সৃজনশীলতা ছিল না। থিয়াগো আলমাদা অ্যাটাকিং মিডফিল্ডার হলেও রাইট উইঙ্গে সরে গিয়ে জায়গা দিয়েছেন। ব্রাজিলও মাঝ মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে বিদায় নিয়েছে। যে কারণে মিড ব্লক সিস্টেমে এগিয়ে মাঝ মাঠে এনজো ও অ্যালিস্টারকে ম্যাচে সৃজনশীলতা আনার সুযোগ দিতে চান স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ। 

আরও পড়ুন

×