ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
নিহত মো. আরিফুল ইসলাম
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২১:১৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মো. আরিফুল ইসলাম (৪৫) উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় ওই ব্যাংক কর্মকর্তা ব্যাংকের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় গ্রিন হেলথ হাসপাতালের সামনে ফার্নিচার ব্যবসায়ী আলী হোসেন পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা চালায়। আলী হোসেন কর্মকর্তা আরিফুল ইসলামের মাথায় ও ঘাড়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ও ব্যাংকের সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
আরিফুল ইসলামের মুত্যুর খবর শুনে উপজেলা গোপিনাথপুর বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।
নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।