ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আহত ২ বন্ধু

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আহত ২ বন্ধু
×
×

নিহত ফাহিম।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:৫১

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরী (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু মাহি (১৯) ও শুভ (২২) গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় আমুরোড-আমু চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত মাহির বাড়ি দুধপাতিল গ্রামে এবং শুভর বাড়ি বিলপাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু আমু চা বাগানে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একই মোটরসাইকেলে আসামপাড়ার দিকে বাড়ি ফিরছিলেন। পথে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহি ও শুভকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘনশ্যামপুর এলাকার ব্যবসায়ী হারুন মিয়া বলেন, গভীর রাতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর ঘটনা প্রায়ই ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানিও হচ্ছে। দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত টহল ও কার্যকর নজরদারি প্রয়োজন।

স্থানীয় সচেতন ব্যক্তিরা আঞ্চলিক সড়কগুলোতে রাতে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো এবং বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বন্ধু ঘুরতে গিয়ে একজন মারা গেছেন। অপর দুইজন আহত। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×