ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
×
×

দণ্ডপ্রাপ্ত আসামিরা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:৩৮

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আনম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দেলদুয়ার উপজেলার মঙ্গহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, একই গ্রামের মধ্যপাড়ার মজনু মিয়ার ছেলে মো. রিফাত ও মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকার নুরুল ইসলামের ছেলে আল আমিন এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ওই গৃহবধূ দেলদুয়ার থানার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে বেড়াতে যান। পারিবারিক সমস্যার কারণে তিনি ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওই দিন রাতে মাদারজানি যাওয়ার পথে আসামিরা তাকে জোর করে মোহন টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তার মোবাইল ও পার্সে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী দেলদুয়ার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে থানার পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক হাওলাদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আরও পড়ুন

×